
সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৬ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-৬
নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অবস্থা কী হতে পারে?
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।
প্রশ্ন: দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় কোন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে?
উত্তর: দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
প্রশ্ন: নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের কী ধরনের ক্ষতি হয়?
উত্তর: নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর; এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন হয়ে যায়।
প্রশ্ন: কী কারণে বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে?
উত্তর: বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে; ফলে বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে।
প্রশ্ন: মানবসৃষ্ট কোন কারণগুলো নদীর পাড় ভাঙনের জন্য দায়ী?
উত্তর: নদী থেকে বালু তোলা ও নদীতীরের গাছপালা কেটে ফেলা নদীভাঙনের মানবসৃষ্ট কারণ।
প্রশ্ন: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কী কী কারণে খরার প্রবণতা বেশি?
উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত ও অল্পসংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি।
প্রশ্ন: খরার মানবসৃষ্ট কারণগুলো কী কী?
উত্তর: খরার মানবসৃষ্ট কারণগুলো হলো—
ক. গাছপালা কেটে ফেলা খ. অধিক হারে বিল্ডিং নির্মাণ গ. কলকারখানা ও গাড়ির ধোঁয়া।
প্রশ্ন: খরার ফলে কী কী ক্ষতি হয়?
উত্তর: খরায় ক্ষতিকর দিকগুলো হলো—ক. পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায় খ. মাঠে ফসল ফলাতে কষ্ট হয় গ. গবাদিপশুর খাদ্যসংকট দেখা দেয় ঘ. খাওয়ার পানির অভাব দেখা যায়।
প্রশ্ন: বর্ষা মৌসুমের ফসল আমন ধান খরার কারণে বছরে সাধারণত কত ভাগ নষ্ট হয়ে যেতে পারে?
উত্তর: বর্ষা মৌসুমের ফসল আমন ধান খরার কারণে বছরে সাধারণত ১৭ ভাগ নষ্ট হয়ে যেতে পারে।
প্রশ্ন: কী কারণে বাংলাদেশে নিশ্চিত ভূমিকম্পের ঝুঁকি রয়েছে?
উত্তর: ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে নিশ্চিত ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।
প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলায় কী করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব?
উত্তর: মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
প্রশ্ন: বড় ধরনের ভূমিকম্পের পর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কী হওয়ার আশঙ্কা থাকে?
উত্তর: বড় ধরনের ভূমিকম্পের পর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা থাকে।
প্রশ্ন: ২০১৫ সালের ২৪ এপ্রিল কোন দেশে ভূমিকম্প সংঘটিত হয়?
উত্তর: ২০১৫ সালের ২৪ এপ্রিল নেপালে ভূমিকম্প সংঘটিত হয়।
প্রশ্ন: বাংলাদেশে ভূমিকম্পনপ্রবণ অঞ্চল কোনগুলো?
উত্তর: বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো ভূমিকম্পনপ্রবণ।
প্রশ্ন: নদীভাঙনের ফলে কী হয়?
উত্তর: নদীভাঙনের ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা