
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ থেকে সংক্ষেপে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: কী কারণে আমাদের দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সা-সুবিধা পায় না?
উত্তর: আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিত্সকের সংখ্যা অনেক কম। এ জন্য এ দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সা-সুবিধা পায় না।
প্রশ্ন: আমাদের অর্থনীতিতে অনেকে তেমন কোনো অবদান রাখতে পারছেন না কেন?
উত্তর: আমাদের দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সাসেবা না পাওয়ার কারণে স্বাস্থ্যহীন থাকে। ফলে তারা যথাযথ উপার্জন করতে পারে না। এতে আমাদের অর্থনীতিতে তারা তেমন কোনো অবদান রাখতে পারছে না।
প্রশ্ন: অধিক ফসল ফলাতে গিয়ে কীভাবে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে?
উত্তর: অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হয়ে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
প্রশ্ন: আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর কেন ক্ষতিকর প্রভাব পড়ছে?
উত্তর: ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি?
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি।
প্রশ্ন: দক্ষ জনশক্তির মাধ্যমে কীভাবে আমরা উপকৃত হতে পারি?
উত্তর: দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার মাধ্যমে উপকৃত হতে পারি।
প্রশ্ন: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে আয় করতে পারি?
উত্তর: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে।
প্রশ্ন: দক্ষ মানবসম্পদ তৈরিতে কী করণীয়?
উত্তর: আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে, যাতে মানুষ দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। এ ছাড়া বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা যায়।
প্রশ্ন: কীভাবে শিল্পের বিকাশে সহায়তা করা যায়?
উত্তর: কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে। যেমন যন্ত্রপাতিশিল্প।
প্রশ্ন: কীভাবে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা পাবে?
উত্তর: আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারলে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা পাবে।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা