সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১০ থেকে আজ একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১০
মিরাজের পিতা-মাতা তাকে সব সময় কঠোর অনুশাসনের মধ্যে রাখেন। সবার সঙ্গে মিশতে দেন না। একটু সুযোগ পেলেই সে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। তার মা চাকরির ফাঁকে তাকে সময় দিতে পারেন না। হঠাত্ তার মা মারা গেলে অবাধে মিরাজ বন্ধুদের সঙ্গে মিশতে থাকে। চাকরিজীবী বাবার পক্ষে সম্ভব হয় না তার তদারকি করা। বন্ধুদের প্ররোচনায় পড়ে সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ে।
কলেজে পা রাখার পরে তার বাবার অসুস্থতা, অবাধ স্বাধীনতা আর বন্ধুদের সঙ্গে বাছবিচারহীন মেলামেশায় সে বিভিন্ন ধরনের মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ে।
নানা ধরনের সমাজবিরোধী কাজে সে যুক্ত হয়। পরিবারে তাকে নিয়ে অশান্তির শেষ নেই।
ক. কিশোর অপরাধের প্রধান কারণ কী?
খ. অপসংস্কৃতির প্রভাব কীভাবে মাদকাসক্তির বড় কারণ হতে পারে?
গ. মিরাজের কিশোর অপরাধী হওয়ার ভিত্তি কোথা থেকে রচিত হয়েছে; বুঝিয়ে বলো।
ঘ. উদ্দীপকে মিরাজ কাদের মাধ্যমে মাদকাসক্ত হয়ে পড়েছে? মিরাজের মাদকাসক্ত হওয়ার পেছনে কোনগুলো নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে; বিশ্লেষণ করো।
উত্তর: ক.
কিশোর অপরাধের প্রধান কারণ হলো দারিদ্র্য।
উত্তর: খ.
চলচ্চিত্র, ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের এই যুগে আজকাল অতি সহজেই এক দেশের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতি ও জনজীবনের ওপর প্রভাব বিস্তার করতে পারে। ফলে একশ্রেণির তরুণসমাজ সাংস্কৃতিক আগ্রাসনে বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদক সেবনে আকৃষ্ট হয়ে পড়ে।
উত্তর: গ.
মিরাজের কিশোর অপরাধী হওয়ার পেছনে আমরা কয়েকটি কারণ দেখতে পাই। আদর, স্নেহ ও ভালোবাসার পাশাপাশি মিরাজের পিতা-মাতার কঠিন অনুশাসন, যা মিরাজ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।
মিরাজের পিতা-মাতার এ আচরণ তার কাছে জটিল বলে মনে হয়েছে। বন্ধুদের সঙ্গে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। ফলে সে আস্তে আস্তে বেপরোয়া হয়ে উঠেছে। মিরাজের পিতা-মাতার ঘন ঘন কর্মস্থল পরিবর্তন তার কিশোর অপরাধী হওয়ার আরেকটি কারণ। সে কোনো স্থানেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি। বন্ধু নির্বাচন তাকে জটিল সমস্যার মুখোমুখি করেছে। তাই না জেনে, না বুঝে খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশার প্রভাবে সে কিশোর অপরাধী হয়ে উঠেছে।
পিতা-মাতাই তার কিশোর অপরাধী হয়ে ওঠার পেছনে বহুলাংশে দায়ী। কারণ, তাঁরা সব সময় নিজেদের কর্মব্যস্ততাকে গুরুত্ব দিয়েছেন। একটি কিশোরমনের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেননি। শত ব্যস্ততার মাঝেও তাঁদের প্রয়োজন ছিল মিরাজের দেখাশোনা করা, তার মনের চাহিদাকে বোঝা। তা হলে মিরাজের মানসিকতায় বিরূপ প্রভাব পড়ত না। মিরাজের মিশুক-প্রকৃতির কুসুম কোমল মনের খোরাক মেটাতে না পেরে তার মাঝে হতাশা জন্ম নেয়, সেই হতাশাই তার কিশোর অপরাধী হওয়ার ভিত রচনা করে।
উত্তর: ঘ.
উদ্দীপকে মিরাজ তার বন্ধুদের মাধ্যমে মাদকাসক্ত হয়ে পড়েছে। মিরাজের মাদকাসক্ত হওয়ার পেছনে বন্ধুরাই প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। মাদকাসক্ত সঙ্গীদের সঙ্গে মেলামেশার মধ্য দিয়েই প্রধানত তার মাদকাসক্তির সূচনা হয়।
কৌতূহলবশত কিশোর-কিশোরীরা বন্ধুদের প্ররোচনায় পড়ে সাময়িক উত্তেজনা, মানসিক চাপ সামলানোর জন্য মাদকদ্রব্য সেবন করে। যেমনটি মিরাজের ক্ষেত্রে ঘটেছে। আস্তে আস্তে যা মিরাজের জন্য মরণ-যন্ত্রণায় পরিণত হয়েছে। এ ছাড়া নিঃসঙ্গতা ও মায়ের মৃত্যুর কারণে মিরাজের মনে হতাশার সৃষ্টি হয়েছে। তাই মিরাজ এই হতাশা থেকে মুক্তিলাভের জন্য বন্ধুবান্ধবের পরামর্শে বা তাদের দেখাদেখি মাদকদ্রব্য সেবন করতে শুরু করেছে। পরে এটা তার নেশায় পরিণত হয়েছে।
আমরা জানি, অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির পেছনে একটি বড় কারণ।
চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল এক দেশের সংস্কৃতি সহজেই অন্য দেশের সংস্কৃতি ও জনজীবনকে প্রভাবিত করে। দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে পড়ে যুবসমাজের একটা অংশ বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকে আকৃষ্ট হয়। মিরাজও ঠিক এই একই কারণে, অর্থাত্ সাংস্কৃতিক আগ্রাসনের বেড়াজালে আটকে পড়ে মাদকের জগতে প্রবেশ করেছে। এরই ধারাবাহিকতায় তারা সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজে নিজেদের জড়িয়ে ফেলছে। এসব ঘটনা যে বিকৃত মানসিকতা তৈরি করে, তা সমাজজীবনে কিশোরদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। অন্যায়ের পথে পা বাড়াতে উত্সাহিত করে। মিরাজ যার বাস্তবতার শিকার।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর