বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।

অধ্যায়-১
প্রশ্ন: মুক্তিবাহিনী কখন গঠন করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।
প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল
মুহাম্মদ আতাউল গনি ওসমানী।
প্রশ্ন: মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
উত্তর: মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।
প্রশ্ন: ব্রিগেড ফোর্সগুলোর নেতৃত্বে কারা ছিলেন?
উত্তর: মেজর খালেদ মোশাররফ ছিলেন ‘কে’ ফোর্সের নেতৃত্বে, মেজর কে এম সফিউল্লাহ ছিলেন ‘এস’ ফোর্সের নেতৃত্বে এবং মেজর জিয়াউর রহমান ছিলেন ‘জেড’ ফোর্সের নেতৃত্বে।
প্রশ্ন: যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর: যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
প্রশ্ন: কত সংখ্যক নিয়মিত যোদ্ধা নিয়ে মুক্তিফৌজ গঠিত হয়?
উত্তর: ৩০,০০০ নিয়মিত যোদ্ধা নিয়ে মুক্তিফৌজ গঠিত হয়।
প্রশ্ন: নারীরা কীভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন?
উত্তর: নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করেন।
প্রশ্ন: সংস্কৃতিকর্মীরা কীভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন?
উত্তর: সংস্কৃতিকর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন।
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল?
উত্তর: মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল ‘জয় বাংলা’।
প্রশ্ন: ‘অপারেশন সার্চলাইট’ বলতে কী বোঝায়?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির ওপর অতর্কিত আক্রমণ করে যে নৃশংস হত্যাকাণ্ড চালায় তাকেই ‘অপারেশন সার্চলাইট’ বলা হয়।
প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর: প্রতিবছর ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা