২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয়শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্ন ও নমুনা উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক শাসনক্ষমতা দখলের কত বছর পর এর নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়?
উত্তর: প্রায় ১০০ বছর পর ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়।
প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলতে কী বোঝায়?
উত্তর: বাংলা ১১৭৬ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
প্রশ্ন: ব্রিটিশ শাসনে কোন কোন ক্ষেত্রে বাংলার উন্নতি হয়?
উত্তর: ব্রিটিশ শাসনে নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাপাখানা প্রতিষ্ঠা, সড়ক ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের মাধ্যমে বাংলার বিশেষ উন্নতি হয়।
প্রশ্ন: ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?
উত্তর: ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমীর বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।
প্রশ্ন: কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়ে?
উত্তর: পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে।
প্রশ্ন: ঢাকায় কোথায় ও কত সালে বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তর: ঢাকার বাহাদুর শাহ পার্কে ১৮৫৭ সালে বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল।
প্রশ্ন: দেশপ্রেমের চেতনা কীভাবে বিস্তার লাভ করে?
উত্তর: শিক্ষার প্রসার ও নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে।
প্রশ্ন: কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়?
উত্তর: ১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়।
প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর: ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করা হয়, যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
প্রশ্ন: কত সালে দুই বাংলাকে একত্র করে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর: ১৯১১ সালে দুই বাংলাকে একত্র করে বঙ্গভঙ্গ রদ করা হয়।
প্রশ্ন: ১৯০৬ সালে ভারতীয় কোন রাজনৈতিক দল গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন করা হয়।
প্রশ্ন: ইংরেজ আমলের শেষভাগে ভারতের বড় আন্দোলনগুলোর নাম লেখো।
উত্তর: ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন ও সশস্ত্র যুব বিদ্রোহ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা