২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয়পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
প্রশ্ন: ভারতের বড় আন্দোলনে কাদের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়?
উত্তর: ভারতের বড় আন্দোলনে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ও ক্ষুদিরামের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়।
প্রশ্ন: ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে কোন বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তর: ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।
প্রশ্ন: ব্রিটিশবিরোধী রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে কারা নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: ব্রিটিশবিরোধী রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও শেরেবাংলা এ কে ফজলুল হক।
প্রশ্ন: নারীশিক্ষার প্রসারে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
উত্তর: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রশ্ন: ইংরেজরা কত সালে ভারত ত্যাগ করে?
উত্তর: ১৯৪৭ সালে ইংরেজরা ভারত ত্যাগ করে।
প্রশ্ন: ইংরেজরা ভারত ত্যাগের পর কোন দুটি রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: ইংরেজরা ভারত ত্যাগের পর পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়।
প্রশ্ন: মহাস্থানগড় কত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে মহাস্থানগড়ের নিদর্শন।
প্রশ্ন: কোন আমলে মহাস্থানগড় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল?
উত্তর: মৌর্য আমলে মহাস্থানগড় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল।
প্রশ্ন: উয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রাম কোন জেলায় অবস্থিত?
উত্তর: উয়ারী ও বটেশ্বর নামক দুটি গ্রাম নরসিংদী জেলায় অবস্থিত।
প্রশ্ন: উয়ারী ও বটেশ্বর গ্রামে কোন আমলের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: উয়ারী ও বটেশ্বর গ্রামে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের নিদর্শন পাওয়া গেছে।
প্রশ্ন: উয়ারী ও বটেশ্বরে প্রাচীন নগরসভ্যতার নিদর্শনস্বরূপ প্রাচীন রাস্তাঘাট ছাড়া কী কী জিনিস পাওয়া গেছে?
উত্তর: উয়ারী ও বটেশ্বরে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্যমুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।
প্রশ্ন: পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শনটি কার আমলে নির্মিত হয়?
উত্তর: পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শনটি ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা