বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা

‘ক’ দেশ               ‘খ’ দেশ

সহানুভূতিশীল থাকা     জনগণকে আশ্রয়দান

প্রচারমাধ্যমকে স্বাধীনতা প্রদান        প্রচারমাধ্যম স্থাপন ও প্রচারণার সুযোগ

জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা           বিশ্ববিবেককে জাগ্রত করার চেষ্টা

ক. সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ কোথায় দেওয়া হয়েছিল?

খ. ‘মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল’—ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে ‘ক’ দেশ হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়? ব্যাখ্যা করো।

ঘ. ‘খ’ দেশটির প্রত্যক্ষ ভূমিকা মুক্তিযুদ্ধকে বেগবান করে। উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর-ক

ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া হয়েছিল।

উত্তর-খ

মুক্তিযুদ্ধকালে এ দেশের নারীদের বহুমুখী অবদানের কারণে তাঁরা ইতিহাসে গৌরবোজ্জ্বল হয়ে আছেন।

১৯৭১ সালে মার্চের প্রথম দিক থেকে বিভিন্ন অঞ্চলে গঠিত সংগ্রাম পরিষদে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। নারীরা অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রত্যক্ষভাবে যুদ্ধে অবদান রাখেন। অন্যদিকে আহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান কিংবা আশ্রয়দান করেও তাঁরা মুক্তিযুদ্ধে অবদান রাখেন। তাঁদের অবদানের আরেকটি দিক ছিল তথ্য সরবরাহ। মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের সর্বোচ্চ ত্যাগের কথাও  জাতি চিরকাল স্মরণ করবে।

উত্তর-গ

উদ্দীপকে ‘ক’ দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়ন অর্থাত্ বর্তমান রাশিয়ার অবদানের কথা চিহ্নিত করা যায়।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকেই রাশিয়া তথা সমাজতান্ত্রিক দেশগুলোর ভূমিকা ছিল অত্যন্ত ইতিবাচক। ২৫ মার্চের অপারেশন সার্চলাইটের নামে যে গণহত্যা চালানো হয়েছিল, তত্কালীন সোভিয়েত প্রেসিডেন্ট তা বন্ধের আহ্বান জানান। অন্যদিকে নির্বাচিত প্রধান হিসেবে বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়ার জন্যও ইয়াহিয়াকে আহ্বান জানান। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সে দেশের সব গণমাধ্যম স্বাধীনভাবে আমাদের সংবাদ প্রচার করে বিশ্বজনমত তৈরিতেও ভূমিকা রাখে।

উদ্দীপকের ‘ক’ রাষ্ট্রটির ভূমিকাতে লক্ষ করা যায়, রাষ্ট্রটি আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে সহানুভূতিশীল ছিল অর্থাত্ আমাদের ওপর যে নির্যাতন শুরু হয়েছিল, সেই রাষ্ট্রটি নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নেয়। আবার প্রচারমাধ্যমগুলোকে কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ না করায় আমাদের বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সমর্থ হয়। যুক্তরাষ্ট্রের যে কৌশলী অবস্থান ছিল জাতিসংঘে, তা-ও রাশিয়ার কারণে ভেস্তে যায়। রাশিয়া সেখানে ভেটো প্রদান না করলে যুদ্ধবিরতি শুরু হতো, আবার আমরা পাকিস্তানেরই একটি অংশ হিসেবে পরিচিত হতাম। তাই ‘ক’ রাষ্ট্রের ভূমিকাটি মূলত মুক্তিযুদ্ধকালে আমাদের সহায়তাকারী রাশিয়াকে (সোভিয়েত ইউনিয়ন) বোঝানো হয়েছে।

উত্তর-ঘ

উদ্দীপকে প্রদত্ত ‘খ’ দেশ হিসেবে ভারতকে চিহ্নিত করা যায়। তাই ভারতের প্রত্যক্ষ ভূমিকা মুক্তিযুদ্ধকে বেগবান করে—উক্তিটি যথার্থ।

আমাদের প্রতিবেশী দেশ ভারত। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী নির্বিচারে গণহত্যা শুরু করলে এ দেশের মানুষ যখন আশ্রয়হীন, ভারত তখন সীমান্ত খুলে দিয়ে প্রায় এক কোটি লোককে শরণার্থী হিসেবে আশ্রয় দেয়। অন্যদিকে মুজিবনগর সরকার গঠনের পর থেকে তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত হয়। এ দেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র দেওয়া, চিকিত্সাসেবা দেওয়া, খাদ্য সরবরাহ প্রভৃতি কাজে ভারত প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। আবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে প্রচারণার সুযোগ দিয়েও  এ দেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা করতে সহায়তা করে।

প্রদত্ত উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রটি যেসব ভূমিকা রাখে, তার মধ্যে আমাদের জনগণকে আশ্রয়দান অন্যতম। সে ক্ষেত্রে ভারত আমাদের আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেয় এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রাখতে সক্ষম হয়।

ভারত মুক্তিযুদ্ধকালে যুদ্ধের প্রকৃত চিত্র গণমাধ্যমের সাহায্যে তুলে ধরে বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। ফলে প্রবাসে থাকা অনেক বাঙালি দেশের বিষয়ে খোঁজখবর পেতেন এবং দেশের সরকারও জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করত।

মুক্তিযুদ্ধকালে ভারত আমাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। বিশেষ করে অস্ত্র সরবরাহ করা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া ছিল অত্যন্ত তাত্পর্যপূর্ণ। ক্ষেত্রবিশেষে গেরিলা যুদ্ধের পরিকল্পনায়ও তাদের ভূমিকা ছিল। আবার যুদ্ধের শেষের দিকে যৌথ বাহিনী গঠনের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ যেমন বেগবান হয়, তেমনি বিজয় ত্বরান্বিত হয়।

শিক্ষক

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা