
* সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
সায়রার বাবা আকবর সাহেব একজন তৈরি পোশাক ব্যবসায়ী। সকালবেলা আকবর সাহেব বাসা থেকে বের হয়ে যান। বাসায় ফেরেন কাজ শেষে রাতে। একদিন রাতে বাসায় ফিরে দেখলেন একটি বেসরকারি চ্যানেলে ছোটকাকু নামে একটি টেলিফিল্ম চলছে, তখন মেয়েকে নিয়ে তা দেখতে থাকলেন।
ক. আকারের দিক থেকে পরিবার কত প্রকার?
খ. অনুলোম বিবাহভিত্তিক পরিবার কী? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের প্রথম অংশে পরিবারের কোন ধরনের কাজের কথা বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. আকবর সাহেবের বাসায় ফেরার পরের কাজটি কি সামাজিকীকরণে ভূমিকা রাখে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর-ক
আকারের দিক থেকে পরিবারকে তিন ভাগে ভাগ করা হয়।
উত্তর-খ
উচ্চবর্ণের পাত্রের সঙ্গে নিম্নবর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয়, তাকে অনুলোম বিবাহভিত্তিক পরিবার বলে।
পাত্র-পাত্রী নির্বাচনের দিক থেকে পরিবারকে দুটি ভাগে ভাগ করা হয়। অন্তর্গোত্র ও বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার। আবার বহির্গোত্রভিত্তিক পরিবারকে বর্ণগত দিক থেকে অনুলোম ও প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার—এই দুই ভাগে ভাগ করা হয়। উচ্চবর্ণের পাত্রের সঙ্গে নিম্নবর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে অনুলোম বিবাহভিত্তিক পরিবার, আবার ‘পাত্রী উচ্চবর্ণের এবং পাত্র নিম্নবর্ণের’ বিয়ের মাধ্যমে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার গঠিত হয়।
উত্তর-গ
উদ্দীপকের প্রথম অংশে সায়রার বাবা আকবর সাহেবের কাজের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক কাজের চিত্র প্রদর্শিত হয়েছে।
মানবসমাজে পরিবারের ভূমিকা চিরন্তন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত হচ্ছে। পরিবারের সাধারণ কিছু কাজ আছে, যা সব সমাজের পরিবারের মধ্যে বিরাজমান। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হলো অর্থনৈতিক কাজ। পরিবার একসময় ছিল সব অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তখন পরিবারেই যাবতীয় প্রয়োজনীয় জিনিস উত্পাদিত হতো। তাই তখন পরিবারকে বলা হতো উত্পাদনের একক। বর্তমান সময়ে পরিবারের সদস্যরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন এবং বিনিময়ে প্রাপ্ত অর্থ দিয়ে পরিবারের প্রয়োজন পূরণ করেন। তাই পরিবারকে বর্তমানে বলা হয় আয়ের একক।
আকবর সাহেব ব্যবসার মাধ্যমে আয় করেন এবং পরিবারের প্রয়োজনীয় দ্রব্যাদি আয়ের টাকায় ক্রয় করেন। ফলে উত্পাদন না করে বর্তমানে আয়ের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করেন। তাই উদ্দীপকের প্রথম অংশে আকবর সাহেবের আয়ের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক কাজের কথা বোঝানো হয়েছে।
উত্তর-ঘ
উদ্দীপকে আকবর সাহেবের বাসায় ফিরে টিভিতে ছোটকাকু টেলিফিল্ম দেখার মাধ্যমে সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয়েছে।
সামাজিকীকরণ একটি জীবনধর্মী প্রক্রিয়া। জন্মের পর একটি শিশুকে সামাজিক মানুষে পরিণত করতে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখে, এর মধ্যে গণমাধ্যম একটি। আধুনিক যুগের সংস্কৃতিই গড়ে উঠছে গণমাধ্যমকে কেন্দ্র করে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন ইত্যাদি।
গণমাধ্যমের সাহায্যে শিশুমনের বিভিন্ন চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে শেখে। জীবন ও জীবনবোধ নিয়ে তাদের ধারণা তৈরিতেও গণমাধ্যম ভূমিকা রাখে। গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন সংবাদ কিংবা অনুষ্ঠান ব্যক্তির জীবন গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
আকবর সাহেব তাঁর মেয়ে সায়রাকে নিয়ে টেলিফিল্ম দেখলে জীবনবোধ সম্পর্কে যেমন ধারণা তৈরি হতে পারে, তেমনি জীবন গঠনেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। সায়রার মানসিক বিকাশ কিংবা মানসিক স্বাস্থ্যের জন্য যেমন বিনোদন দরকার, তেমনি বিনোদনের নেতিবাচক প্রভাব দ্বারা তার জীবন ভুলপথে পরিচালিত হতে পারে। এ জন্য আকবর সাহেব মেয়েকে নিয়ে টেলিফিল্মটি উপভোগের মাধ্যমে সামাজিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম গণমাধ্যমকে ব্যবহার করেছেন। তাই আকবর সাহেবের শেষের কাজটি সামাজিকীকরণে ব্যাপক ভূমিকা রাখে।
শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা