সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
‘ক’ রাষ্ট্র নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে রাস্তা প্রশস্তকরণের জন্য হামদু মিয়ার বাড়িটি রাস্তার আওতায় নিয়ে নেয়। এ ক্ষেত্রে রাষ্ট্র হামদু মিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেয়নি কিংবা পুনর্বাসনের ব্যবস্থাও করেনি।
ক. রাষ্ট্রের একান্ত অপরিহার্য উপাদান কোনটি?
খ. আইনের একটি উেসর ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকে আইনের অনুশাসনের কোন দিকটি অনুপস্থিত? ব্যাখ্যা দাও।
ঘ. ‘হামদু মিয়ার পুনর্বাসন করা রাষ্ট্রের কোনো ধরনের কাজেরই অন্তর্ভুক্ত নয়।’ তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর-ক
রাষ্ট্রের একান্ত অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি।
উত্তর-খ
আইনের ছয়টি উেসর মধ্যে অন্যতম একটি উত্স হলো প্রথা।
প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উত্স। সমাজের প্রচলিত রীতিনীতি, আচার-আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। এসব সামাজিক প্রথার আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে।
উত্তর-গ
উদ্দীপকে আইনের অনুশাসনে প্রাধান্য দিকটি অনুপস্থিত। আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ।
সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। সরকারও কারও ব্যক্তিস্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সাহস পাবে না। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সাহস পায় না।
উদ্দীপকের ‘ক’ রাষ্ট্রের শাসনব্যবস্থায় আইনের প্রাধান্যের অনুপস্থিতি লক্ষ করা যায়। কারণ, ‘ক’ রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেছে। যাতায়াতের সুবিধার্থে রাস্তা প্রশস্তকরণের জন্য হামদু মিয়ার বাড়িটি রাস্তার আওতায় নেওয়া হয়। এ ক্ষেত্রে রাষ্ট্রের কেউ হামদু মিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেয়নি এবং পুনর্বাসনের ব্যবস্থাও করেনি। এখানে রাষ্ট্র হামদু মিয়ার অধিকারে হস্তক্ষেপ করেছে এবং ব্যক্তিস্বাধীনতায়ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আইনের অনুশাসনের সুষ্ঠু প্রয়োগ হয়নি এবং আইনের প্রাধান্যের অনুপস্থিতি লক্ষণীয়।
উত্তর-ঘ
‘হামদু মিয়ার পুনর্বাসন করা রাষ্ট্রের কোনো ধরনের কাজেরই অন্তর্ভুক্ত নয়।’—আমি এর সঙ্গে একমত নই।
হামদু মিয়ার পুনর্বাসন করা রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত। মানবজীবনের সামগ্রিক কল্যাণসাধনই রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের কাজ প্রধানত দুই ধরনের। এর মধ্যে অন্যতম একটি হলো কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলি। রাষ্ট্র জনকল্যাণ উন্নয়নমূলক এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নতির জন্য যে কার্যাবলি সম্পাদন করে তাকে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলি বলে। নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত, তার ঐচ্ছিক কার্যাবলি তত বেশি বিস্তৃত। শিক্ষিত জনগোষ্ঠী, স্বাস্থ্য সুরক্ষা, শিশুসদন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, নগরায়ণ ইত্যাদি রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলি।
পুনর্বাসন করা রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত। ‘ক’ রাষ্ট্র যাতায়াতের জন্য হামদু মিয়ার বাড়িটি রাস্তার আওতায় নেয়। কিন্তু রাষ্ট্র হামদু মিয়ার পুনর্বাসনের ব্যবস্থা করেনি। এ ক্ষেত্রে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলির সুষ্ঠু বিকাশ সাধিত হয়নি। রাষ্ট্রের উচিত হামদু মিয়ার পুনর্বাসন করা। সুতরাং বলা যায় যে পুনর্বাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলি। কারণ, এর মধ্য দিয়ে নাগরিক কল্যাণ সাধিত হয় এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে তা সহায়তা করে।
শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা