
* সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
সবে বিছানায় গেলেন সামাদ সাহেব। ঘুম আসবে ভাব, এমন সময় হঠাত্ গুলির আওয়াজ। নিস্তব্ধ রাতে গুলির আওয়াজে ভয় পান তিনি। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে থেকে এমন অবস্থায় ভীত সামাদ সাহেব। পরদিন জানতে পারলেন, অন্যান্য স্থানের মতো তাঁর কাছাকাছি তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়।
ক. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
খ. ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সামাদ সাহেবের ঘটনায় কোন ঐতিহাসিক ঘটনার চিত্র ফুটে ওঠে? ব্যাখ্যা করো।
ঘ. ‘উক্ত ঘটনার চূড়ান্ত পরিণতি স্বাধীনতা’—তুমি কি একমত? তোমার মতামত দাও।
উত্তর-ক
রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।
উত্তর-খ
‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগানটি এরশাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল।
১৯৮৭ সালের ১০ নভেম্বর এই আন্দোলনে নূর হোসেন নামে এক সংগ্রামী যুবক পিঠে ‘গনতন্ত্র মুক্তি পাক’ ও বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ লিখে মিছিলে গেলে পুলিশের গুলিতে তিনি শহিদ হন। এ ঘটনা স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করে। এর ধারাবাহিকতায় ’৯০-এর সফল গণ-অভ্যুত্থান সম্ভব হয় এবং দেশে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়।
উত্তর-গ
উদ্দীপকের ঘটনায় সামাদ সাহেবের মাধ্যমে যে ঐতিহাসিক বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে তা হলো পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’।
১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু ক্ষমতা হস্তান্তরে ইয়াহিয়ার টালবাহানা ও ভুট্টোর ষড়যন্ত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতার দিকনির্দেশনা প্রদান করেন। দেশ অচল হয়ে পড়ে। আলোচনার নামে সময়ক্ষেপণ করে বাঙালি নিধনের পরিকল্পনা চূড়ান্ত করে পাকিস্তানি বাহিনী। নিষ্ফল আলোচনা অসমাপ্ত রেখে ২৫ মার্চ ইয়াহিয়া পশ্চিম পাকিস্তানে চলে যান। ২৫ মার্চের মধ্যরাতেই পাকিস্তানি বাহিনী ঘুমন্ত ও নিরস্ত্র মানুষের ওপর শুরু করে বর্বর আক্রমণ। আক্রমণের প্রধান ক্ষেত্রগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ ক্যাম্প এবং পিলখানা ইপিআর ক্যাম্প। উদ্দীপকে সামাদ সাহেবের মাধ্যমে যে ঘটনার চিত্র উপস্থাপিত হয়েছে তাতে বোঝা যায়, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে তিনি অবস্থান করতেন আর হানাদার বাহিনীর সেই আক্রমণও আমরা ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ ক্যাম্প এবং পিলখানা ইপিআর ক্যাম্পে হতে দেখি। সেই সঙ্গে অপরাপর স্থানে নির্বিচারে নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। তাই উদ্দীপকের ঘটনায় হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটের চিত্রই ফুটে উঠেছে।
উত্তর-ঘ
অপারেশন সার্চলাইটের চূড়ান্ত পরিণতি আমাদের স্বাধীনতা অর্জন—এ বক্তব্যের সঙ্গে আমি একমত।
অপারেশন সার্চলাইট শুরু হলে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বঙ্গবন্ধু গ্রেপ্তারের আগেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এ ঘোষণার প্রথম বাক্যের বাংলা অনুবাদ: ‘ইহাই আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন।’
অপারেশন সার্চলাইটের পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধের চেষ্টা চলতে থাকে। অন্যদিকে ভারতে আশ্রয় নেয় প্রায় ১ কোটি মানুষ। ভারতে প্রশিক্ষণ ক্যাম্প খোলা হয়। সেখানে সাধারণ বেসামরিক লোকজন প্রশিক্ষণ নিতে শুরু করেন। মুজিবনগর সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেক্টর ও ব্রিগেড ফোর্সের মাধ্যমে হানাদার বাহিনীকে প্রতিহত করা শুরু হয়। ভারত ও রাশিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মুক্তিযুদ্ধ গতি লাভ করে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের মাধ্যমে অতি অল্প সময়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর নির্দেশনামতো মুুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করে দেশের জন্য বিজয় ছিনিয়ে আনে।
হানাদার বাহিনী ২৫ মার্চ রাতে অতর্কিতভাবে অপারেশন সার্চলাইট শুরু করলে সাহসী বাঙালিরা প্রথমে প্রতিরোধ করে, তারপর বিভিন্ন স্থানে সফলভাবে আক্রমণ প্রতিহত করে এবং চূড়ান্তভাবে স্বাধীনতা অর্জনের দিকে এগিয়ে যেতে থাকে।
তাই ‘উক্ত ঘটনার চূড়ান্ত পরিণতি স্বাধীনতা’। আমি এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করি।
শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা