*সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো।
প্রশ্ন: মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে?
উত্তর: তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার (বর্তমান নাম মুজিবনগর) আমবাগানে ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সে সময় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
প্রশ্ন: মুক্তিবাহিনী কখন গঠন করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।
প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী।
প্রশ্ন: মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতির দায়িত্বে কে ছিলেন?
উত্তর: মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতির দায়িত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রশ্ন: মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
উত্তর: মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।
প্রশ্ন: মুক্তিবাহিনীর ব্রিগেড ফোর্সগুলোর নাম লেখো।
উত্তর: মুক্তিবাহিনীর ব্রিগেড ফোর্সগুলোর নাম হলো ‘কে’ ফোর্স, ‘এস’ ফোর্স ও ‘জেড’ ফোর্স।
প্রশ্ন: ব্রিগেড ফোর্সগুলোর নেতৃত্বে কারা ছিলেন?
উত্তর: মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে ‘কে’ ফোর্স, মেজর কে এম সফিউল্লাহর নেতৃত্বে ‘এস’ ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ‘জেড’ ফোর্স।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা