বাংলাদেশ ও বিশ্বপরিচয়
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, কাঠামো অনুসারে আজ রয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নম্বর প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর।
মনে রেখো, কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্ন যতটুকু চাইবে ঠিক ততটুকুই লিখবে। এর বেশি লিখলে নম্বর বেশি পাওয়া যাবে না। বরং সময়ের অপচয় হবে। আবার কম লিখলেও নম্বর কমে যাবে। তাই প্রশ্নের নির্দেশনা অনুসারে অবশ্যই যথাযথ উত্তর লেখবে।
অধ্যায়-২

প্রশ্ন: বাংলায় ইংরেজ শাসনের সূচনা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর: ইংরেজরা বাণিজ্য করতে বাংলায় আসে। পাশাপাশি পর্তুগিজ, ডাচ, ফরাসি ও অন্য ইউরোপীয় বণিকেরাও বাণিজ্য করতে এদেশে আসে। এসব ইউরোপীয় শক্তির মধ্যে ইংরেজরাই শেষাবধি প্রতিযোগিতায় টিকে থাকে। অবশেষে ১৭৫৭ সালের ২৩ জুন ইংরেজ শক্তির সঙ্গে নবাব সিরাজুদ্দৌলার সৈন্যদের পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়। যুদ্ধে নবাব পরাজিত হন এবং মাধ্যমেই বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
প্রশ্ন: সিপাহি বিদ্রোহ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর: ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়। এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা। পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্ব প্রথম বিদ্রোহ শুরু হয়। বহুজনকে এ সময় নির্বিচারে ফাঁসি দেওয়া হয়। ঢাকার বাহাদুর শাহ পার্কে সে সময় বাংলার বিদ্রোহী সিপাহিদের ফাঁসি দেওয়া হয়।
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের পাঁচটি কারণ লেখো।
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের কারণগুলো নিচে দেওয়া হলো:
১. বড় খালা ঘষেটি বেগমের ষড়যন্ত্র।
২. সেনাপতি মীর জাফর আলীর বিশ্বাসঘাতকতা।
৩. রায় দুর্লভের ষড়যন্ত্র।
৪. জগত্ শেঠের ষড়যন্ত্র।
৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিরোধিতা।
প্রশ্ন: বাংলার শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ শাসনের ৫টি প্রভাব উল্লেখ করো।
উত্তর: বাংলার শিক্ষাক্ষেত্রে ইংরেজ শাসনের পাঁচটি প্রভাব উল্লেখ করা হলো: ব্রিটিশরা এ দেশে ইংরেজি শিক্ষার প্রচলনে অগ্রণী ভূমিকা রাখে। শিক্ষাবিস্তারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আধুনিক ও ইংরেজি শিক্ষার ফলে এ দেশে একটি ইংরেজি শিক্ষিত শ্রেণি সৃষ্টি হয়। ছাপাখানা স্থাপনের ফলে জ্ঞান-বিজ্ঞানের বিস্তার ঘটে। ইংরেজি শিক্ষাবিস্তারের ফলে মানুষের মনে কুসংস্কার, কুপ্রথা, ধর্মীয় গোঁড়ামি দূর হয়ে নবচেতনার বিকাশ ঘটে। শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের প্রসার বাড়তে থাকে।
প্রশ্ন: বাংলার অর্থনীতিতে ব্রিটিশ শাসনের পাঁচটি নেতিবাচক প্রভাব লেখ।
উত্তর: অর্থনৈতিক ক্ষেত্রে বাংলায় ব্রিটিশদের মূল উদ্দেশ্যে ছিল শোষণ ও মুনাফা অর্জন। বাংলার অর্থনীতির মূল মেরুদণ্ড কৃষি, তাঁত ও কুটিরশিল্প ইংরেজদের ষড়যন্ত্রে ধ্বংস হয়ে যায়। তাঁত ও কুটিরশিল্পের সঙ্গে জড়িত শ্রমিকেরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে। মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত খারাপ হয়ে যায়। এ সময়ে ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় খাদ্যের অভাবে এক ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়।
প্রশ্ন: ব্রিটিশ সরকার নিজহাতে ক্ষমতা তুলে নেওয়ার ফলাফল পাঁচটি বাক্যে বর্ণনা কর:
উত্তর: ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশের শাসন ক্ষমতা দখল করে নেয়। কিন্তু তাদের অত্যাচার ও নির্যাতনে সারা দেশে ব্যাপক অসন্তোষ ও বিদ্রোহ দেখা দেয়। কোম্পানির বিভিন্ন নীতি ও শোষণের বিরুদ্ধে ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ দেখা দেয়। এ বিদ্রোহ দমন করলেও কোম্পানি আর আগের মতো শাসনব্যবস্থা চালাতে পারেনি। অন্যদিকে ব্রিটিশ সরকার কোম্পানির রাজনীতি সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা