বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, কাঠামো অনুসারে আজ রয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নম্বর প্রশ্নের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর।
মনে রেখো, কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্ন যতটুকু চাইবে ঠিক ততটুকুই লিখবে। এর বেশি লিখলে নম্বর বেশি পাওয়া যাবে না। বরং সময়ের অপচয় হবে। আবার কম লিখলেও নম্বর কমে যাবে। তাই প্রশ্নের নির্দেশনা অনুসারে অবশ্যই যথাযথ উত্তর লেখবে।

প্রশ্ন: সংক্ষেপে মহাস্থানগড়ের বর্ণনা দেও।
উত্তর: মহাস্থানগড়ে ব্রাহ্মী রীতিতে লেখা একটি খণ্ডিত শিলালিপি পাওয়া গেছে। এর নাম ‘মহাস্থান ব্রাহ্মী লিপি’। এ লিপি থেকে যতদূর জানা যায়, নগরটি মৌর্য বংশীয় শাসকেরা প্রতিষ্ঠা করেছিলেন। নগর দেয়ালের ভেতরে দক্ষিণ-পূর্ব কোণের সবচেয়ে উঁচু স্থানে রয়েছে সুলতান মাহীসওয়ারের মাজার ও মুঘল আমলের একটি মসজিদ। আরও জানা যায়, চীনা পর্যটক হিউয়েন সাং সাত শতকে এখানকার বসুবিহার দেখতে আসেন।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরের ঐতিহাসিক গুরুত্ব লেখো।
উত্তর: নরসিংদীর উয়ারী-বটেশ্বর গ্রামে কয়েক বছর আগে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রত্নস্থান আবিষ্কৃত হয়েছে। এটি একটি সুপ্রাচীন ঐতিহাসিক নিদর্শন। আনুমানিক চার খ্রিষ্টপূর্ব অব্দে মৌর্য যুগে এখানে সভ্যতার সূচনা হয়। সমুদ্রবাণিজ্যের সঙ্গে এ অঞ্চলটি যুক্ত ছিল। এখানে কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে। এ অঞ্চলের প্রথম নগরায়ণের চিহ্ন বহন করে উয়ারী-বটেশ্বর। লৌহ নির্মিত বেশ কিছু প্রত্নসম্পদও এখানে আবিষ্কৃত হয়েছে। উয়ারী-বটেশ্বর গ্রামের ঐতিহাসিক মৌর্য যুগের নির্দশনসমূহ এ দেশের সুবর্ণ সময়ের সাক্ষ্য বহন করছে।

প্রশ্ন: ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ময়নামতি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর: ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই ময়নামতি একটি বিশেষ প্রত্নস্থল। এখানে প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অনেক নির্দশন পাওয়া গেছে। বৌদ্ধ ধর্মের নিদর্শন ছাড়াও এখানে জৈন ও হিন্দুদের দেবদেবীর অনেক মূর্তি পাওয়া গেছে। ময়নামতি প্রত্নস্থলে প্রাপ্ত নিদর্শন থেকে প্রাচীন আমলের? বিদ্যাচর্চার সুব্যবস্থার কথা জানা যায়।

প্রশ্ন: ময়নামতিতে প্রাপ্ত প্রত্ননিদর্শনগুলো বর্ণনা করো।
উত্তর: ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনসমূহ আট থেকে বারো শতক পর্যন্ত প্রায় ৪০০ বছরের দক্ষিণ-পূর্ব বাংলার ঐতিহাসিক আমলের পরিচয় বহন করছে। এখানে স্বর্ণ, রৌপ্য ও তাম্র মুদ্রা, অলৌকিক জীব ও পৌরাণিক দৃশ্য, মূর্তি, ভাস্কর্য ও পোড়ামাটির লিপি ফলক ইত্যাদি পাওয়া গেছে। এ ছাড়া জৈন ও হিন্দু দেব-দেবীর অনেক মূর্তিও এখানে আবিষ্কৃত হয়েছে। এগুলো থেকে তত্কালীন সমাজজীবনের ধারা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল