বাংলাদেশ ও বিশ্বপরিচয়
যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের কারণগুলো উল্লেখ করো।
উত্তর: বিশ্বব্যাপী নানা কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। যেমন কলকারখানার বর্জ্য ও কালো ধোয়া, যানবাহনের কালো ধোঁয়া, বনভূমি ধ্বংস ও নদ-নদী জলাধার ভরাট করা ইত্যাদি। জীবাশ্ম জ্বালানীর অতিরিক্ত ব্যবহারে বায়ুমণ্ডলে কার্বন-ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে।
প্রশ্ন: নদীভাঙনের কারণ বর্ণনা করো।
উত্তর: নদীভাঙনের জন্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণই দায়ী। নদীভাঙনের প্রাকৃতিক কারণের মধ্যে জোয়ার-ভাটা এবং ভূমিকম্প ইত্যাদি প্রধান। অন্যদিকে মানবসৃষ্ট কারণের মধ্যে রয়েছে অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদীতীরবর্তী গাছপালা ধ্বংস করা ইত্যাদি। মূলত বন্যা প্রাকৃতিক নিয়মে হলেও মানুষের কর্মকাণ্ড এর তীব্রতা অনেক সময় বাড়িয়ে দেয়। মারাত্মক বন্যাও নদীভাঙনের একটি অন্যতম প্রধান কারণ।
প্রশ্ন: ‘খরা একটি মারাত্মক দুর্যোগ’ এ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো।
উত্তর: দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতকে বলা হয় খরা। এটি একটি মারাত্মক দুর্যোগ। খরার কারণে কূপ, খাল, বিল শুকিয়ে যায়, নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় আর মাটির আর্দ্রতা কমে যায়। মাঠে ফসল ফলাতে কষ্ট হয়। বেশির ভাগ মানুষ খাবার পানি, চাষাবাদ, পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। খরা তাদের জন্য একটি মারাত্মক অভিশাপ।
প্রশ্ন: দুর্যোগের পূর্ব প্রস্তুতি সম্পর্কে ৫টি বাক্য লেখো।
উত্তর: দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি পাঁচটি বাক্যে লেখা হলো:
১. আমরা যে যে অঞ্চলে বাস করি, সেসব অঞ্চলের দুর্যোগের কারণ, ফলাফল বা প্রভাব সম্পর্কে জানা।
২. সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, মাইক বা অন্যান্য প্রচারমাধ্যমে দুর্যোগের বা আবহাওয়া বার্তা শোনা।
৩. নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, বইখাতা, পোশাক নিরাপদ স্থানে সংরক্ষণ করা।
৪. বাড়ির আশপাশে গাছ লাগানো।
৫. বন্যা মোকাবিলার জন্য সাঁতার শেখা বা ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য লাইফ জ্যাকেট, পুরোনো টায়ার বা বাতাসভর্তি টিউব ইত্যাদি সামগ্রী বাড়িতে রাখা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা