যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
প্রশ্ন: সমাজটাকে আরও সুন্দর করার উপায় বর্ণনা করো।
উত্তর: সব মানুষের কল্যাণ ও সমাজ উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে। আমাদের সবার মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে। কেউ যদি মানবাধিকারবিরোধী কোনো কাজ করে, তবে তাকে এ বিষয়ে সচেতন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন আইন মেনে চলতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে অংশ নিতে হবে।
প্রশ্ন: পত্রপত্রিকার ও রেডিও-টেলিভিশনের খবরে সচরাচর জানতে পারি, এরূপ মানবাধিকার বিরোধী কাজের বর্ণনা দাও।
উত্তর: আমরা পত্রপত্রিকা বা রেডিও-টেলিভিশনের খবরের মাধ্যমে জানতে পারি অনেক শিশু দারিদ্র্যের কারণে কাজ করতে বাধ্য হয়। এসব শিশুর অনেকে বিপজ্জনক কাজেও নিয়োজিত হয়। এসব শিশুশ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ পায় না। তারা মাঝেমধ্যে শারীরিক নির্যাতনেরও শিকার হয়। আবার এ দেশ থেকে প্রায়ই নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। সেখানে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে ব্যবহার করা হয়। এ দেশে নারীরাও বিভিন্ন ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হয়। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন খবর আমরা সচরাচর পত্রপত্রিকা পড়ে বা রেডিও-টেলিভিশন শুনে ও দেখে জানতে পারি।
শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল