বাংলাদেশ ও বিশ্বপরিচয় l ইংরেজি l পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

l সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ‘ষোড়শ সংশোধনী’ বিল পাস হয়। বিলটি পাসের আগে সাংসদেরা বিভিন্ন প্রশ্ন করলে আইনমন্ত্রী সেসব প্রশ্নের

জবাব দেন।

ক. তথ্য অধিকার আইন কবে জারি করা হয়?

খ. স্থানীয় প্রশাসনের আবশ্যকতা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রথম বাক্যে আইনসভার কোন ধরনের কাজের চিত্র দেখানো হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের শেষের বাক্যের কাজও কি একই ধরনের? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 

উত্তর-ক

তথ্য অধিকার আইন জারি করা হয় ২০০৯ সালের ৫ এপ্রিল।

উত্তর-খ

স্থানীয় প্রশাসন বলতে স্থানীয় পর্যায়ের, বিভাগীয়, জেলা এবং উপজেলা শাসনব্যবস্থাকে বোঝায়। স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, সরকারি সিদ্ধান্ত ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে। এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্ন পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। স্থানীয় প্রশাসনের ফলে বিভাগ, জেলা, উপজেলার সঙ্গে কেন্দ্রের সংযোগ স্থাপিত হয়। সুতরাং স্থানীয় প্রশাসনের গুরুত্ব অধিক।

উত্তর-গ

উদ্দীপকের প্রথম লাইনে জাতীয় সংসদের আইন প্রণয়নসংক্রান্ত কাজের প্রতিফলন ঘটেছে। উদ্দীপক থেকে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে ষোড়শ সংশোধনী বিল পাস হয়। ওই বিলটি পাসের ক্ষেত্রে জাতীয় সংসদের আইন প্রণয়নবিষয়ক ক্ষমতাটিই নির্দেশ করে। সংবিধানের ৬৫ অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এর ওপর প্রজাতন্ত্রের আইন প্রণয়নক্ষমতা ন্যস্ত হবে। সংবিধান অনুযায়ী, সংসদ যেকোনো নতুন আইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারে। সংসদ আইনের মাধ্যমে যেকোনো সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান, বিধি, উপবিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা দিতে পারে। সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি দান করবেন। জাতীয় সংসদ বা আইনসভার মূল কাজ আইন প্রণয়ন করা। সংবিধান সংশোধনের মাধ্যমে আইন পরিবর্তন, পরিমার্জনবিষয়ক কাজ বা সংবিধান সংরক্ষণ ও সংশোধনমূলক কাজ আইনসভা করে থাকে।

উত্তর-ঘ

উদ্দীপকের শেষের বাক্যে আইন বিভাগ কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার বিষয়টি ফুটে উঠেছে।

আইন বিভাগ সরকারের একটি অংশ। বাংলাদেশের আইনসভার নাম বাংলাদেশ জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী এনে (১৯৯১) সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। সংসদের অন্যতম প্রধান কাজ হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখা উচিত এবং এই নিয়ন্ত্রণটি আইন বিভাগের দ্বারা কার্যকর করা হয়।

প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে শাসনসংক্রান্ত সব কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকতে হয়। সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ সরকারের যেকোনো ভালো কাজের যেমন প্রশংসা করতে পারে, তেমনি সরকারের যেকোনো মন্দ কাজের জন্য সমালোচনাও করতে পারে। সরকারকে সব শাসনসংক্রান্ত কাজের জন্য সংসদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের প্রতি নজর দিতে হয়। সংসদীয় সরকারব্যবস্থায় সরকারের ওপর সংসদের নিয়ন্ত্রণ থাকে। সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রতি প্রশ্ন বা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সুতরাং উদ্দীপকের শেষ বাক্য থেকে আইন বিভাগের কাছে শাসন বিভাগের জবাবদিহির মধ্য দিয়ে আইন বিভাগ কর্তৃক শাসন বিভাগকে নিয়ন্ত্রণের বিষয়টিই ফুটিয়ে তোলে।

শিক্ষক

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা