বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

প্রশ্ন: বঙ্গভঙ্গ কাকে বলে?

উত্তর: শিক্ষাপ্রসার এবং নবজাগরণের ফলে সারা বাংলায় দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। ব্রিটিশরা ভারতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে।

প্রশ্ন: ব্রিটিশবিরোধী আন্দোলনকে কবি ও লেখকেরা কীভাবে বেগবান করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকারের চেতনা আরও বেগবান হয়।

প্রশ্ন: ব্রিটিশবিরোধী আন্দোলনে যাঁদের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়, তাঁদের নাম লেখো।

উত্তর: ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্যসেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়।

প্রশ্ন: কোম্পানির শাসন বলতে কী বোঝ? কত সালে সিপাহি বিদ্রোহ দেখা দেয়? এ বিদ্রোহে কতজন ভারতীয় মারা যায়? সিপাহি বিদ্রোহের কারণ লেখো।

উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।

প্রায় ১০০ বছর পরে ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়।

সিপাহি বিদ্রোহের কারণ:

১. সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে ৫০ হাজার ব্রিটিশ ও ৩ লাখ ভারতীয় সিপাহি ছিল।

২. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।

৩. ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

৪. কামান ও বন্দুকের কাতু‌র্জ পিচ্ছিল করার জন্য গরুর ও শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল।

প্রশ্ন: কত বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে? কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? ব্রিটিশ শাসনের দুটি খারাপ ও দুটি ভালো দিক উল্লেখ করো।

উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।

কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।

ব্রিটিশ শাসনের দুটি খারাপ দিক:

১. ‘ভাগ করো শাসন করো’—নীতির ফলে এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।

২. অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়, যা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।

ব্রিটিশ শাসনের দুটি ভালো দিক:

১. নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষাব্যবস্থার উন্নতি হয়।

২. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগব্যবস্থার উন্নতি হয়।

প্রশ্ন: কোন শতকে নবজাগরণ ঘটে? নবজাগরণের ফলাফল লেখো। কারা নবজাগরণে অবদান রাখেন?

উত্তর: ব্রিটিশ শাসনকালে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতক বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।

বাংলায় নবজাগরণের জন্য যাঁরা অবদান রেখেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—

১. রাজা রামমোহন রায়

২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩. নবাব আবদুল লতিফ

৪. সৈয়দ আমীর আলী

৫. মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ।

এঁদের হাত ধরেই উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এঁরা নিজেদের সমাজে বহুকাল ধরে প্রচলিত নানা কুসংস্কার, কুপ্রথা সম্পর্কে সচেতন হয়ে ওঠেন।

প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে? কত সালে তিনি নবাব হয়? পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল লেখো।

উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।

তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।

পলাশীর যুদ্ধের কারণ:

নবাব সিরাজউদ্দৌলা তাঁর পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘষেটি বেগম, রায়দুর্লভ এবং জগৎশেঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন। এ সময় নানা কারণে নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিরোধ দেখা দেয়। ইংরেজদের সঙ্গে নবাববিরোধী শক্তিগুলো একজোট হয়ে ষড়যন্ত্রে যোগ দেয়। এসবের জের ধরে শেষাবধি ১৭৫৭ সালের ২৩ জুন ইংরেজ শক্তির সঙ্গে নবাবের সৈন্যদের পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়।

যুদ্ধের ফলাফল:

সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এ ঘটনার মধ্য দিয়ে বাংলায় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।