অধ্যায় ২
প্রশ্ন: ইংরেজরা কেন ভারতে এসেছিল এবং কবে তারা ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে?
উত্তর: মোগল আমলে ইংরেজরা ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ১৬০০ সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে।
প্রশ্ন: বাংলার শেষ নবাব কে এবং কত সালে তিনি বাংলার নবাব হন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা। তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
প্রশ্ন: নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে?
উত্তর: নবাবের বিরুদ্ধে তিনটি পক্ষ ষড়যন্ত্র করেছিল। এঁরা হলেন তাঁর পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা ঘসেটি বেগম। এ ছাড়া এদেশীয় বণিক রায় দুর্লভ ও জগৎশেঠ। সেনাবাহিনীর প্রধান মীর জাফর এবং ইংরেজ বণিক।
প্রশ্ন: নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উত্তর: এদেশীয় বণিকেরা ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন।
প্রশ্ন: ইতিহাসের কোন সময় কোম্পানির শাসন নামে পরিচিত এবং কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এক শ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন: ব্রিটিশদের ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়েছিল?
উত্তর: ব্রিটিশদের ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে এ দেশের মানুষদের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।
প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?
উত্তর: ব্রিটিশ শাসনামলে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) হয়েছিল, ‘যা ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
প্রশ্ন: বাংলায় ‘নবজাগরণ’ কাকে বলে?
উত্তর: ব্রিটিশ শাসন আমলে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।
প্রশ্ন: তিতুমীর কেন বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?
উত্তর: তিতুমীর ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। ১৮৩১ সালের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন।
প্রশ্ন: সেনাবাহিনীতে ভারতীয় এবং ব্রিটিশ সিপাহির সংখ্যা কত ছিল?
উত্তর: সেনাবাহিনীতে ৫০ হাজার ব্রিটিশ এবং ৩ লাখ ভারতীয় সিপািহ ছিল।
প্রশ্ন: বঙ্গভঙ্গ কাকে বলে?
উত্তর: শিক্ষাপ্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। ব্রিটিশরা ভারতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে।
প্রশ্ন: ব্রিটিশবিরোধী আন্দোলনকে কবি ও লেখকেরা কীভাবে বেগবান করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকারের চেতনা আরও বেগবান হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল