অধ্যায় ১
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রশ্ন: ১৯৭১ সালে বাঙালি জাতির গৌরবময় ঘটনা কোনটি? কত সাল থেকে পশ্চিম পাকিস্তানিরা বাঙালির ওপর অত্যাচার ও নিপীড়ন শুরু করে? মুক্তিযুদ্ধের তাত্পর্য চারটি বাক্যে লেখো।
উত্তর: ১৯৭১ সালের ‘মহান মুক্তিযুদ্ধ’ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালির ওপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন।
মুক্তিযুদ্ধের তাত্পর্য লেখা হলো–
১. মুক্তিযুদ্ধের ফলেই পৃথিবীর বুকে আজ আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ
২. মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড, একটি নিজস্ব পতাকা
৩. আমরা পেয়েছি স্বাধীন মতপ্রকাশের অধিকার
৪. পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি।
প্রশ্ন: কত সালে বাঙালিরা ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করে? আমাদের মহান মুক্তিযুদ্ধ কীভাবে শুরু হয়? এমন ৪টি ঘটনার কথা উল্লেখ করো, যা মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছিল?
উত্তর: ১৯৫২ সালে বাঙালিরা ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করে।
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।
আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছে এমন চারটি ঘটনা হলো–
১. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
২. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান
৩. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হওয়ার পরও ক্ষমতা না দেওয়া
৪. ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ।
প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয়েছিল? মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল? মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধিগুলো সম্পর্কে লেখো।
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়।
মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল ‘জয় বাংলা’।
মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন সাতজনকে সর্বোচ্চ ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি প্রদান করা হয়।
এ ছাড়া সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও তিনটি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হলো: বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।