বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি সোমবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল খালেক আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীদের হাতে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রশাসন বাধ্য হয়ে নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ ছুটি বাড়িয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকা অনুযায়ী, আগামী ১৪ জুলাই থেকে ২৩ জুলাই ঈদের ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু আজ রোববার দুপুরে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত হয়। আগামীকাল সোমবার থেকে ২৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের হল খালি করতে হবে কি-না, এ ব্যাপারে এখনো কো​নো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক মো. মিজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির ওপর হামলার অভিযোগ করে গত ২ জুলাই রাতে সংগঠনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে। ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পরদিন ক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ে হামলার চেষ্টা চালালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ব্যর্থ হন। কিন্তু এর পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।

একাডেমিক কাউন্সিলের বৈঠকে থাকা শিক্ষকদের একজন নাম না প্রকাশের শর্তে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় এলাকাবাসীর চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর বলেছেন, ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত আরও ঘটনার আশঙ্কা করে বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানো হয়েছে।