বাণিজ্যের অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান চাকরির বাজারে প্রাতিষ্ঠানিক সনদের সঙ্গে অভিজ্ঞতার সনদটাও থাকা চাই। আর চাকরিটি যদি হয় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব বিভাগ অথবা বড় প্রতিষ্ঠানের নিরীক্ষা বিভাগে, তাহলে তো কথাই নেই। হিসাববিদ্যায় আন্তর্জাতিক মানের পেশাগত সনদগুলোর মধ্যে অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বা সিএ। বাংলাদেশে হিসাবরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত এই ডিগ্রি প্রদান করে থাকে আইসিএবি। আইসিএবি হচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ।পেশাগত কোর্সটির বাজার-চাহিদা সম্পর্কে বলতে গিয়ে আইসিএবির ডেপুটি সেক্রেটারি মো. শাহজাহান সিরাজ বলেন, ‘সিএ কোর্সে হিসাবরক্ষণ, হিসাব নিরীক্ষা হাতে-কলমে শেখার সুযোগ আছে। বলা যেতে পারে এটি একটি প্রায়োগিক শিক্ষা বা জীবনমুখী শিক্ষা। যার ফলে পাসের পর ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীকে ভাবতে হয় না। বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ বড় প্রতিষ্ঠানে সিএ ডিগ্রিধারীদের চাহিদা রয়েছে। যা দিন দিন বেড়েই চলছে।’

প্রথমে যা করতে হবে

আইসিএবি নিবন্ধিত প্রায় ২০০টি সিএ ফার্ম রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও সিলেটেও কিছু ফার্ম রয়েছে। পছন্দমতো একটি সিএ ফার্মে যুক্ত হতে হবে। অধিকাংশ ফার্ম নতুন শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রে পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষায় মূলত মৌলিক হিসাববিজ্ঞান ও ইংরেজির ওপর দক্ষতা যাচাই করা হয়। পরবর্তী সময়ে এসব সিএ ফার্ম থেকে আইসিএবিতে রেজিস্ট্রেশন করানো হয়।

পড়াশোনা খরচ

আইসিএবিতে রেজিস্ট্রেশন বাবদ ব্যয় হবে ৩০ হাজার টাকা। এই রেজিস্ট্রেশন ফিতে অন্তর্ভুক্ত থাকবে পাঠ্যবই, কোচিং ফি ও গ্রন্থাগার ব্যবহারের সুুযোগ। সিএ কোর্সের মোট তিনটি লেভেল রয়েছে। এগুলো হচ্ছে নলেজ লেভেল, অ্যাপ্লিকেশন লেভেল ও অ্যাডভান্স লেভেল। নলেজ লেভেলে পড়তে হবে সাতটি বিষয়। আর পরীক্ষার জন্য প্রতিটি বিষয়ে ফি দিতে হবে ১৩০০ টাকা করে। অ্যাপ্লিকেশন লেভেলেও থাকছে সাতটি বিষয়। অ্যাপ্লিকেশন লেভেলে সবগুলো বিষয় মিলে পরীক্ষা ফি ১৫ হাজার টাকা। সর্বশেষ অ্যাডভান্স লেভেলে তিনটি পাঠ্য বিষয় ও কেস স্টাডিসহ খরচ হবে ২৫ হাজার টাকা।

ভর্তির যোগ্যতা

এইচএসসি পাসের পর ভর্তির আবেদন করা যায়। সে ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম ৯ পয়েন্ট থাকতে হবে। তবে যেকোনো একটি পরীক্ষায় জিপিএ-৫ অবশ্যই থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে ন্যূনতম ৩৮ পয়েন্ট (সর্বনিম্ন ৫ বিষয়ে, সর্বোচ্চ ৭ বিষয়ে) এবং এ লেভেলে ন্যূনতম ১২ পয়েন্ট (৩ বিষয়ে) পেতে হবে। এ ক্ষেত্রে ‘এ’ গ্রেড সমান ১০ পয়েন্ট, ‘বি’ গ্রেড সমান ৬ পয়েন্ট, ‘সি’ গ্রেড সমান ৪ পয়েন্ট হিসাব করা হবে। তবে শর্ত থাকে যে কোনো বিষয়ে ‘সি’ গ্রেডের নিচে পাওয়া যাবে না। ও-লেভেল এবং এইচএসসির ক্ষেত্রে ও-লেভেলে ন্যূনতম ৩৮ পয়েন্ট (সর্বনিম্ন ৫ বিষয়ে, সর্বোচ্চ ৭ বিষয়ে) এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে।

যাঁরা এইচএসসি বা ও-লেভেল শেষে ভর্তি হন তাঁদের আর্টিকল পিরিয়ড চার বছর। অর্থাৎ এই চার বছর বাধ্যতামূলকভাবে সিএ ফার্মের সঙ্গে যুক্ত থাকতে হবে।

যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর শেষে আবেদন করতে চাইলে উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। সিজিপিএ-৪-এর মধ্যে ২.৫ থেকে ৩ এবং সিজিপিএ-৫-এর মধ্যে ৩ থেকে ৪-কে দ্বিতীয় বিভাগ ধরা হয়। স্নাতক অথবা স্নাতকোত্তর শেষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আর্টিকল পিরিয়ড তিন বছর।

বৃত্তি

আর্টিকল পিরিয়ডে একজন শিক্ষার্থীকে ফার্ম থেকে প্রতি মাসে নির্ধারিত হারে ভাতা দেওয়া হয়। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের আইসিএবি থেকে বৃত্তির ব্যবস্থা করা হয়।

কাজের ক্ষেত্র

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে সিএ ডিগ্রিধারীদের কদর রয়েছে। এসব প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, নিরীক্ষা বিভাগ, ট্যাক্স, আর্থিক প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগে সিএ ডিগ্রিধারীদের প্রাধান্য বেশি। কাজের ক্ষেত্র সম্পর্কে মো. শাহজাহান সিরাজ বলেন, ‘বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও একজন সিএ ডিগ্রিধারী নিজেই একটি পরামর্শক ফার্ম খুলে পরামর্শ সেবা দিতে পারে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা কাজ করতে পারে।’

যোগাযোগ

ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবনে ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে। এ ছাড়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.icab.org.bd) গিয়েও নিবন্ধিত ফার্মগুলোর নাম-ঠিকানা ও ভর্তি-সম্পর্কিত সব তথ্য জানা যাবে।