বাদামের নানা গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলবেলায় বাদাম চিবুতে চিবুতে তুমুল আড্ডায় মাতেন কতজন! সস্তায় এমন খাবার তো কমই আছে। তবে নানা রান্নাতেও ব্যবহার করতে পারেন বাদাম। সেসব বাদামেরও আছে কত ধরন। জেনে নিন বাদামের নানা উপকারিতা ও ব্যবহার। এসব নিয়ে পরামর্শ দিয়েছেন রান্নাবিদ ফাতিমা আজিজ।

খেতেও বেশ, স্বাস্থ্যের জন্য ভালো৷ বাদামের গুণ কম নয়৷ ছবি: নকশা
খেতেও বেশ, স্বাস্থ্যের জন্য ভালো৷ বাদামের গুণ কম নয়৷ ছবি: নকশা

কাঠবাদাম: সালাদ, তরকারি, পোলাও, বিরিয়ানি থেকে শুরু করে নানা রকম মিষ্টান্ন যেমন: পায়েস, সেমাই, জর্দা, কেক, বুন্দিয়া, লাড্ডুতে কাঠবাদাম ব্যবহার করা হয়ে থাকে। কাঠবাদাম দুধের শরবত ও জাফরানি শরবতে দেওয়া হয়।
কাজুবাদাম: কাজুবাদাম ফ্রায়েড রাইস, নানা রকম সবজি, থাই খাবারের নানা পদ, সালাদ, সস, বিরিয়ানি, পাস্তা তৈরিতে ব্যবহার করা যায়।
কাজুবাদাম, বেটে রোস্ট, রেজালায় দেওয়া যেতে পারে। এটি বরফি, হালুয়া, কেক, পায়েস, সেমাই এসবের ওপর দিলে খাবারের স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়ে।
পেস্তাবাদাম: এটি বিভিন্ন ধরনের শরবত যেমন জাফরানি শরবত, দুধের শরবতে দেওয়া হয়ে থাকে।
বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেমন: ডেজার্ট, কেক, আইসক্রিম তৈরিতে দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও পোলাও, চিকেন কারি, সালাদ তৈরিতেও দিতে পারেন বাদাম। আবার মাঝেমধ্যে রুটিতেও পেস্তাবাদাম ব্যবহার করা হয়ে থাকে।
চিলগজা: চিলগজা ব্যবহার করতে পারেন পাস্তা, সালাদ, পালংশাক, স্প্যাগেটি, কেক, জর্দা, দই এসব খাবার তৈরিতে।
চীনাবাদাম: সালাদ, টার্ট, পিনাট বাটার, সস, টোফু, সবজি এবং চীনা খাবার তৈরিতে দিতে পারেন চীনাবাদাম। ভর্তা ও চাটনিতে চীনাবাদাম দিলে খাবারের স্বাদ-ই বেড়ে যাবে বেশ। মাফিনের ওপর চীনাবাদাম দেওয়া হয়।
আখরোট: কাপকেক, ব্রাউনি, স্যুপ, সালাদ, কেক, ক্যান্ডি, পুডিং, জর্দা, ক্ষীর এগুলোতে দিতে পারেন আখরোট। 
বাদামের যত গুণ:
 কাঠবাদামে ভিটামিন ই, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় শরীরের হাড়গুলোকে শক্ত ও মজবুত করে। শরীরের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে কাঠবাদাম।

 কাঠবাদামে চর্বির পরিমাণ কম। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন আছে। হৃদ্রোগ যাঁদের আছে, তাঁরা এ থেকে উপকার পাবেন।
 কাজুবাদামে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক আছে। কাজুবাদাম শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
 পেস্তাবাদামে প্রচুর পরিমাণে চর্বি আছে, এটি শক্তি জোগায়। এতে পটাসিয়াম, আয়রন, কপার, জিংক ইত্যাদি আছে। এ ছাড়াও বেশি পরিমাণে প্রোটিন রয়েছে।
 চীনাবাদামে প্রোটিন বেশি থাকায় এটি হৃদ্রোগীদের জন্য উপকারী। শরীরে রক্ত চলাচল সাহায্য করে।
 আখরোট এতে ওমেগা-৩ এবং ৬ বিদ্যমান আছে। কিন্তু কোলেস্টেরল নেই।

দরদাম: ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে বিভিন্ন ধরনের বাদাম বিক্রি করা হয় কেজি দরে। আবার প্যাকেটজাত করেও বিক্রি করা হয়। কাঠবাদাম কেজিপ্রতি এক হাজার টাকা, পেস্তাবাদাম কেজিপ্রতি দুই হাজার ৫০০ টাকা, কাজুবাদাম কেজিপ্রতি এক হাজার টাকা এবং চীনাবাদাম কেজিপ্রতি এক হাজার টাকা, আখরোট কেজিপ্রতি ৯০০ টাকা, চিলগজা কেজিপ্রতি ৭০০ টাকা। এ ছাড়াও ছোট প্যাকেটজাত কাঠবাদামের দাম পড়বে ১৫-৩০ টাকা, কাজুবাদামের দাম ৫০-৫৫ টাকা, চীনাবাদাম ৩৫-৬০ টাকা, আখরোট ৩০-৫০ টাকা, চিলগজা ৩০-৫৫ টাকা।

কোথায় পাবেন: ঢাকার কারওয়ান বাজার, নিউমার্কেটে আপনি পাইকারি দরে এসব বাদাম কিনতে পারেন। এ ছাড়াও বিভিন্ন সুপারশপ যেমন: আগোরা, মীনাবাজার, আলমাস, মোস্তফা মার্ট, নন্দন, স্বপ্ন, ইউনিমার্টে পাবেন প্যাকেটজাত নানা রকম বাদাম।
অন্য সব বাদাম বিভিন্ন বাজারে পাওয়া গেলেও আখরোট ও চিলগজা পাওয়া যাবে ঢাকার গুলশান-১ ডিসিসি মার্কেটে।
গ্রন্থনা: নাঈমা আমিন