বাল্যবিবাহ রোধ বিষয়টি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিশুদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে স্কুল শিক্ষাক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার সকালে কুড়িগ্রামের রাজারহাট হেলিপ্যাড মাঠে রাজারহাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব কথা বলেন। এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ভার্চ্যুয়ালি বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সব বইয়ের পেছনে সরকার ন্যাশনাল হেল্পলাইন ১০৯ ও ৯৯৯ নম্বর রেখেছে, যেন বাল্যবিবাহ অথবা নারী নির্যাতনের ঘটনা ঘটলে আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারের বিরামহীন প্রয়াস অব্যাহত আছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাল্যবিবাহ সমাজের অভিশাপ। এটি নারীর বিকাশ ও স্বাবলম্বী হওয়ার বড় একটি বাধা, যা দেশের অগ্রগতির অন্তরায়। বাংলাদেশের মেয়েরা এখন নিজেরা নিজেদের বিয়ে বন্ধ করছে এবং এ জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে।
মো. জাকির হোসেন বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারের বিরামহীন প্রয়াস অব্যাহত আছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন আহমেদ, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম প্রমুখ।