রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি-প্রক্রিয়া ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ৮ নভেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য টেলিটক কোম্পানির প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে আবেদন করতে হবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে RUET লিখে, এইচএসসির শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, পরীক্ষার রোল নম্বর ও পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ক্ষেত্রে প্রতিবার স্পেস দিতে হবে। আর উপজাতীয় কোটার সংরক্ষিত আসনে আবেদনকারীদের স্পেস দিয়ে একটি অতিরিক্ত কি ওয়ার্ড (TRI) সংযুক্ত করবে। সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসের মাধ্যমে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি জানানোর জন্য RUET, স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর সঙ্গে যোগাযোগের জন্য যেকোনো কোম্পানির একটি মুঠোফোনের নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে একটি ফরম নম্বর জানিয়ে দেওয়া হবে, যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে। রেজিস্ট্রেশন-প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে টেলিটক মুঠোফোনের গ্রাহকসেবাকেন্দ্রে (১২৩৪) যোগাযোগ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তি-সংক্রান্ত তথ্যের জন্য রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) ০১৫৫৫৫৫৫০২১ ও ০১৫৫৫৫৫৫০২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।