বিজয়ী আইবিএর দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচটি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে আইবিএ। ছবি: সংগৃহীত
পাঁচটি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে আইবিএ। ছবি: সংগৃহীত

‘জে নে সা কোয়া।’ বিপণন মডেল ও সৃজনশীল বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা ‘ক্রিঅ্যাডিভ ২০১৫’-এর বিজয়ী দলের নাম এটি। ফরাসি শব্দগুলোর অর্থ ‘এমন কোনো গুণ, যা ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু কোনো কিছুকে অনন্য করে তোলে।’ এমনই অনন্যগুণ দলটির নিশ্চয় আছে। সারা দেশ থেকে অংশ নেওয়া ৪৭টি দলকে পেছনে ফেলে তারা যে চ্যাম্পিয়ন হয়েছে!
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কমিউনিকেশন ক্লাব আয়োজন করেছিল এই প্রতিযোগিতার। গত বছর প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা শুধু বিইউপির বিভাগগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। এ বছর উন্মুক্ত করে দেওয়া হলো সবার জন্য। চার সদস্যবিশিষ্ট ৪৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ঢাকার বাইরে রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছিলেন।
তিন পর্বের আয়োজন
প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পার্টানস কমিউনিকেশন ক্লাব, আইবিএ কমিউনিকেশন ক্লাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়েস ক্লাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজ বি ক্লাবের মতো স্বনামধন্য ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পাস রোড শোর আয়োজন করা হয়। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হয় ক্রিঅ্যাডিভের প্রথম পর্ব। এ পর্বে বিজনেস কেস প্রতিযোগিতায় অংশ নেয় দলগুলো। যুক্তি দিয়ে সমস্যার সমাধান উপস্থাপন করে বিচারকদের সামনে। দ্বিতীয় পর্বের জন্য বাছাই করা হয় ২৪টি দল। তাদের তৈরি ভিডিও চিত্রগুলো যাচাই-বাছাই করেই চূড়ান্ত পর্বের জন্য ছয়টি দল নির্বাচন করা হয়।
চূড়ান্ত পর্বের মূল বিষয় ছিল, পরিচ্ছন্ন ঢাকা। দুই বছরের মধ্যে পাঁচ কোটি টাকা খরচ করে রাজধানী ঢাকা বদলে দিতে জনসচেতনতা তৈরিতে কী করণীয় হতে পারে, তা-ই উপস্থাপন করতে হয়েছিল দলগুলোকে।
প্রতিযোগিতায় চমক
প্রতি পর্বে ছিল চমক। হুট করেই বদলে যেতে পারে প্রতিযোগিতার নিয়ম। কখনো নতুন চ্যালেঞ্জ আসে সামনে তো কখনো বদলে দেওয়া হয় দলের সদস্যদের। পরিবর্তিত এই পরিস্থিতিতে খাপ খাইয়ে নিজেদের সেরাটা দেওয়াই ছিল প্রতিযোগীদের কাজ। চৌকস প্রতিযোগীরা কিন্তু ঘাবড়ে যাননি। বরং উপভোগ করেছেন ‘কার্ভ বল’ নামের এই মজার চ্যালেঞ্জ।

সৃজনশীল বিজয়ীরা
বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) দল জে নে সে কোয়ার চার সদস্য হলেন সৌরদীপ পাল, রামীম আহমেদ, অরিজিৎ অংশু সাহা ও খান মো. জিয়াউস শামস। কথা হয় দলপতি সৌরদীপের সঙ্গে। বললেন, ‘আমরা যেহেতু ব্যবসায় প্রশাসনের ছাত্র, তাত্ত্বিক জ্ঞানের বাইরে আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন অনেক বেশি জরুরি। আরও বেশি প্রতিযোগিতায় অংশ নিয়ে বাস্তব সমস্যা সমাধানে নতুন নতুন ধারণা তৈরি ও উপস্থাপনের সুযোগ পাচ্ছি। ক্রিঅ্যাডিভের আয়োজন চমৎকার ছিল।’
দ্বিতীয় হয়েছে বিইউপির দল সেকেন্ড স্ট্রিং। দলটির সদস্যরা হলেন অন্তিকা দেবনাথ, মো. আমিন উল বশির, সেহতাজ রশীদ চৌধুরী ও মায়িশা বুশরা। নাভিন ইকবাল, নাজমুন নাহার, সামিহা বিনতে মুহাম্মাদ, রামিসা মালিয়াতের দল মাইন্ড ওভার মাইলস হয়েছে তৃতীয়। তাঁরাও বিইউপির শিক্ষার্থী।
প্রতিযোগিতা সম্পর্কে আয়োজক বিইউপি কমিউনিকেশন ক্লাবের সভাপতি, বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইমুনা আলম বললেন, ‘এবার ঢাকার ভেতরের প্রতিযোগীর সংখ্যা বেশি ছিল। পরবর্তী সময়ে ঢাকার বাইরে আরও বেশি প্রতিযোগীকে আমরা এই প্রতিযোগিতায় নিয়ে আসতে চাই। মেধাবীরা প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের সৃজনশীলতা প্রকাশ করুক, এটাই আমাদের চাওয়া।’