সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
রিপন কারখানায় কঠোর পরিশ্রম করলেও তার খাদ্যতালিকায় নিয়মিত দুধ ও ঘি থাকে। পক্ষান্তরে তার ছোট ভাই কিরণ বেশ অলস প্রকৃতির। সে একেবারেই কোনো কাজ করে না। কিরণ হঠাত্ একদিন অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে দুধ, ঘি কম খেতে বললেন। কিন্তু একেবারে বন্ধ করতে নিষেধ করলেন।
ক. সুষম খাদ্য কাকে বলে?
খ. রাফেজ বলতে কী বোঝায়?
গ. উল্লেখিত খাবারগুলো রিপনকে কীভাবে কাজ করতে সাহায্য করে? ব্যাখ্যা করো।
ঘ. কিরণের প্রতি ডাক্তারের পরামর্শ মূল্যায়ন করো।
উত্তর-ক.
যে খাদ্যবস্তু দেহের ক্যালরির চাহিদা পূরণ করে, কলা কোষের বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং দেহের শারীরবৃত্তীয় কার্যাবলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে সুষম খাদ্য বলে।

উত্তর-খ.
খাদ্যদানা, ফল ও সবজির অপাচ্য তন্তুময় অংশ রাফেজ নামে পরিচিত। রাফেজ অপরিবর্তিতরূপে খাদ্যনালির ভেতর দিয়ে স্থানান্তরিত হয়।
ফল ও সবজির রাফেজ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর। গবেষণায় দেখা গেছে, স্বল্প তন্তুযুক্ত খাদ্য অধিক তন্তুযুক্ত খাদ্য অপেক্ষা অধিক পরিমাণে কোষ্ঠকাঠিণ্য, হূদেরাগ, ডায়াবেটিস, খাদ্যনালির ক্যানসার ইত্যাদির জন্য দায়ী।
তন্তুযুক্ত খাবার স্থূলতা হ্রাস করে, ক্ষুধার প্রবণতা হ্রাস করে, চর্বি জমার প্রবণতা হ্রাস করে।
উত্তর-গ.
রিপন কারখানায় কঠোর পরিশ্রম করলেও তার কোনো অসুবিধা হয় না। কারণ, তার খাদ্য তালিকায় নিয়মিত দুধ ও ঘি থাকে। এ দুটি খাদ্য তার দেহে তাপ ও শক্তি উত্পন্ন করে কাজ করার শক্তি জোগায়। দুধ ও ঘি থেকে প্রাপ্ত অতিরিক্ত স্নেহ চর্বিরূপে দেহে সঞ্চিত থাকে। অতিরিক্ত পরিশ্রম করলে এসব চর্বি দেহে শক্তি জোগায়। সুতরাং, দুধ ও ঘি শক্তি উত্পাদনের মাধ্যমে রিপনকে কাজ করতে সাহায্য করে।
উত্তর-ঘ.
দুধ ও ঘি স্নেহ-জাতীয় খাদ্য। এ খাদ্য বেশি খেলে শরীর মেদবহুল হয়ে যায়। মেদবহুল শরীর সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অতিরিক্ত চর্বি রক্তে কোলেস্টরল বাড়িয়ে হূদেরাগ সৃষ্টি করে। কিরণ অলস প্রকৃতির হওয়ায় তার বেশি পরিমাণ দুধ ও ঘি খাওয়া উচিত নয়। এতে তার শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়ে নানা ধরনের রোগ দেখা দিতে পারে। আবার একেবারে না খেলেও নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ জন্য তার এসব খাদ্য পরিমাণমতো খাওয়া উচিত। ডাক্তার তাকে এ ধরনের পরামর্শ দিয়েছিলেন। সুতরাং, কিরণের সুস্বাস্থ্যের জন্য ডাক্তারের দেওয়া পরামর্শ যথার্থ ছিল।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা