সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# আলম সাহেব একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। চিকিত্সার জন্য তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়। সেখানে ব্যবহূত একটি সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন ধরে তাঁর শুকনো কাশি হচ্ছে এবং শরীরের ওজনও অনেক কমে যাচ্ছে।
প্রশ্ন:
ক. ফাস্টফুড কী?
খ. জেরপথ্যালমিয়া রোগ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া আর কী কী উপায়ে রোগটি সংক্রমিত হতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. আলম সাহেবের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো?
উত্তর-ক.
ফাস্টফুড বা জাঙ্কফুড হচ্ছে এমন একধরনের খাবার, যা এর স্বাস্থ্যগত মূল্যের চেয়ে বরং এর মুখরোচক স্বাদের জন্য উত্পাদন করা হয়।
উত্তর-খ.
ভিটামিন অ-এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হলে সে অবস্থাকে জেরপথ্যালমিয়া বলে। এ অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। এটি চোখের একটি মারাত্মক রোগ।

উত্তর-গ.
আলম সাহেব এইডস রোগে আক্রান্ত। ব্যবহূত সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়ার কারণে আলম সাহেব এইডসে আক্রান্ত হন। আর যে যে উপায়ে এইডসের জীবাণু এইচআইভি সংক্রমিত হতে পারে, তা হলো:
১. এইচআইভি/এইডসে আক্রান্ত রোগীর রক্ত কোনো ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে।
২. আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে।
৩. এইডসে আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে) তার শিশু এই রোগে সংক্রমিক হতে পারে।
৪. অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলনের মাধ্যমে।
উত্তর-ঘ.
আলম সাহেব এইডসে আক্রান্ত হয়েছেন। এমতাবস্থায় তাঁর প্রতি সবার দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে। একজন এইডসে আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্যকে সংক্রমিত করে না এবং আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা হারিয়ে ফেলে না। তাই আমাদের লক্ষ রাখা প্রয়োজন, তাকে যেন সমাজ থেকে বিচ্ছিন্ন করা না হয়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সর্বত্র থেকে তাকে মানসিকভাবে উত্সাহ জোগাতে হবে। পরিবারের প্রতিটি কাজে তাকে আগের মতো মূল্যায়ন করতে হবে। তার মতামতকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। কোনো ধরনের বিরূপ মন্তব্য কেউ কোনো অবস্থাতেই তার সঙ্গে করবে না। সবাই সার্বক্ষণিকভাবে তার খোঁজখবর নেবে এবং তার যথাযথ পরিচর্যার ব্যবস্থা করবে। পরিবার বা সমাজ থেকে আলম সাহেব যাতে কোনোভাবেই বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেদিকে লক্ষ রাখতে হবে। তাঁর সার্বিক সুস্থতার জন্যই তাঁর প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিপূর্ণ হওয়া একান্ত প্রয়োজন।