
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞানের অধ্যায়-৯ থেকে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর:
প্রশ্ন: প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ দাও।
উত্তর: প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ—গরুর গাড়ি, কোদাল ও লাঙল।
প্রশ্ন: আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ দাও।
উত্তর: আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ হলো—কম্পিউটার, ইন্টারনেট ও মোবাইল ফোন।
প্রশ্ন: তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
উত্তর: আমি ব্যবহার করি এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার। এই প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি।
প্রশ্ন: প্রযুক্তির বিকাশ কেন ঘটে?
উত্তর: জীবনের প্রয়োজনে বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে মানুষের জীবনযাপন সহজতর করার জন্য প্রযুক্তির বিকাশ ঘটে।
প্রশ্ন: কৃষি প্রযুক্তির তিনটি যুগ কী কী?
উত্তর: কৃষি প্রযুক্তির প্রথমটি হলো—উন্নত যন্ত্র ব্যবহারের যুগ। যেমন—ট্রাক্টর দিয়ে জমি চাষ, ফসল কাটার যন্ত্রের ব্যবহার, সেচের প্রচলন ইত্যাদি।
দ্বিতীয়টি হলো—রাসায়নিক সার ব্যবহার করে উত্পাদন বাড়ানো।
তৃতীয়টি হলো—জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহার করা।
প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বোঝায়?
উত্তর: জীবন ও জীবিকার বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো। অর্থাত্ বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগানো বা ব্যবহার করাই প্রযুক্তি।
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: তুমি যে খাবার খেয়েছ তা কোন কোন প্রযুক্তির ভেতর দিয়ে তোমার কাছে এসেছে তা বর্ণনা করো।
উত্তর: প্রযুক্তির উন্নতির কারণে আমাদের নানারকম খাদ্য উত্পাদন করা সহজতর হয়েছে। আজ আমি ভাত খেয়েছি। এই ভাত অর্থাত্ ধান উত্পাদনে কোন কোন প্রযুক্তি ব্যবহূত হয়েছে লক্ষ করি—
১. প্রথমে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হলো।
২. সেচ মেশিনের সাহায্যে পানি সেচ করা হলো।
৩. ড্রাম সিডারের সাহায্যে বীজ বপন করা হলো।
৪. ধান বড় হতে হতে আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রয়োগ করা হলো।
৫. ধান পাকলে কেটে ধান মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করা হলো।
৬. ধান সেদ্ধ করে, শুকিয়ে, ধান ভাঙার মেশিন দিয়ে চাল করা হলো।
৭. চাল ফুটিয়ে রান্না করে হলো ভাত।
আমরা দেখতে পাই ভাত পেতে হলে উন্নত বীজ, ট্রাক্টর, সেচ মেশিন, ড্রাম সিডার, কীটনাশক, ধান মাড়াই মেশিন, ধান ভাঙার মেশিন ইত্যাদি কৃষি প্রযুক্তি দরকার। ঠিক তেমনি অন্যান্য খাবারও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা পেয়ে থাকি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা