অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞানের অধ্যায়-৯ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাঁচতে পারি না—ব্যাখ্যা করো।
উত্তর: প্রযুক্তির নানা ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা পৃথিবীর যেকোনো প্রান্তের খবর রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে মুহূর্তেই পেয়ে থাকি। যাতায়াতের জন্য ব্যবহূত নানা ধরনের যানবাহনের সুবিধা একমাত্র প্রযুক্তির কারণে সম্ভবপর হয়েছে। চিকিত্সাক্ষেত্রে জটিল রোগ নির্ণয়ে নতুন নতুন যন্ত্রপাতির সংযোজন প্রযুক্তির একটি বিস্ময়কর অবদান। প্রযুক্তি ব্যবহার করে কৃষিজমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে ওঠানো পর্যন্ত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সর্বোপরি সারা বিশ্বকে এক হাতের মুঠোয় আনতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাঁচতে পারি না।

প্রশ্ন: প্রযুক্তি ব্যবহারে মানবিক হওয়া উচিত কেন?
উত্তর: প্রযুক্তি ব্যবহারে আমাদের সবার যত্নশীল হতে হবে। প্রযুক্তির অন্যতম উদ্ভাবন যানবাহন থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া পরিবেশকে দূষিত করে। কৃষিজমিতে ব্যবহূত কীটনাশক পুকুর ও জলাশয়ে পড়ে পানি দূষিত করে। বাড়িঘর ও রাস্তাঘাট তৈরির সময় অনেক গাছপালা কাটতে হয়। ফলে গাছপালা যে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নিত তা শোষণ হয় না। এতে বাতাসে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে উপকূলীয় অঞ্চলের নিচু জমি প্লাবিত হতে শুরু করেছে। আবার বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমা ইত্যাদি প্রযুক্তির ব্যবহারে অনেক মানুষের জীবন যেতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারে আমাদের মানবিক হওয়া উচিত।
প্রশ্ন: প্রযুক্তি আমাদের জীবনকে প্রভাবিত করে—ব্যাখ্যা করো।
উত্তর: প্রযুক্তি মানবজীবনকে নানাভাবে প্রভাবিত করছে। আমরা সকালে ঘুম থেকে উঠে শৌচাগার ব্যবহার করি, গোসলে সাবান ব্যবহার করি, রান্না করা খাবার খাই। ঘড়ি দেখে স্কুলে যাই। স্কুল দূরে হলে সাইকেল বা বাস ব্যবহার করি। রাতে পড়ার টেবিলে বাতি জ্বালিয়ে পড়ি, কলম দিয়ে লিখি। জ্বর হলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি, চিকিত্সার জন্য ওষুধ সেবন করি। রেডিওতে খবর শুনি। টিভি, ফ্রিজ, এসি, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করি। এসব কাজে নানা প্রযুক্তি ব্যবহূত হচ্ছে, যা আমার জীবনযাত্রাকে প্রভাবিত করছে। আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, ঘটনা জানতে পারি।
আমাদের প্রয়োজনবোধ ও সমস্যা সমাধানের ইচ্ছা প্রযুক্তি উদ্ভাবনকে উত্সাহিত করছে। সেই সঙ্গে উদ্ভাবিত নানা প্রযুক্তি আমাদের জীবনধারাকে প্রভাবিত করেছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা