অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞানের অধ্যায়-৯ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্ন:

প্রশ্ন: প্রযুক্তি স্থির থাকে না, ক্রমাগত বদলে যায়—এটি উদাহরণসহ ব্যাখ্যা করো:
উত্তর: সভ্যতার অগ্রগতির সঙ্গে প্রযুক্তি বদলে যায় ও বিকশিত হয়। আগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষ গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যবহার করত। বর্তমানে সেখানে বহু মানুষের চলাচলের জন্য বাস, ট্রেন, অ্যারোপ্লেন ব্যবহার করা হচ্ছে। প্রাচীনকালে মানুষ বসবাসের জন্য মাটির তৈরি ঘরবাড়ি তৈরি করলেও যুগের পরিবর্তনে চাহিদার পরিপ্রেক্ষিতে এখন বহুতল দালান নির্মাণ করে আরামদায়ক জীবনযাপন করছে। ফসল উত্পাদনের জন্য আগের দিনে মানুষ লাঙল, কোদাল, কাস্তে ইত্যাদি ব্যবহার করত। কিন্তু কৃষি প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তনের ফলে ট্রাক্টর, পাওয়ার টিলার, সেচযন্ত্র, উন্নত বীজ ব্যবহারে অধিক ফসল উত্পাদন সম্ভব হচ্ছে। আগেকার দিনে মানুষ কবুতরের সাহায্যে ও ঘোড়ায় চড়ে চিঠি এক স্থান থেকে অন্য স্থানে পাঠাত। পরে টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স, ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তি উদ্ভাবনের ফলে মানুষের তথ্য আদান-প্রদানে যুগান্তকারী পরিবর্তন এসেছে। তাই যুগের পরিবর্তনের কালক্রমে প্রযুক্তি ক্রমাগত বদলে যেতে থাকে এবং উন্নততর হয়।
প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক উদাহরণ দিয়ে প্রমাণ করো।
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে সম্পর্কিত। নতুন নতুন জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান আর বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োগ বা ব্যবহার করা হলো প্রযুক্তি। প্রাচীনকালে মানুষ আদি প্রযুক্তি আগুনের ব্যবহার জানত না। বিজ্ঞান তাদের আগুনের ব্যবহার শিখিয়েছে। আমাদের কৃষিকাজের জন্য ব্যবহূত ছুরি, দা, কাস্তে, লাঙল ইত্যাদি প্রযুক্তি তৈরির পেছনে বিজ্ঞানের অবদান রয়েছে। বিদ্যুত্ যে বিভিন্ন কাজে ব্যবহূত হয়ে থাকে তা আবিষ্কারের সময় বিজ্ঞানীদের জানা ছিল না। কিন্তু প্রযুক্তিবিদগণ বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে নানা রকম কাজে বিদ্যুত্ ব্যবহার করেছেন। বিজ্ঞানী নিউটনের উদ্ভাবিত মহাকর্ষ সূত্রের ওপর ভিত্তি করে যে রকেট বা কৃত্রিম উপগ্রহ তৈরি হলো, তা প্রযুক্তির অবদান আর নিউটনের মহাকর্ষ সূত্রের আবিষ্কার হলো বিজ্ঞান। সুতরাং বলা যায়, বিজ্ঞান ও প্রযুুক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।
প্রশ্ন: বিজ্ঞানের অপব্যবহারের কয়েকটি উদাহরণ দাও।
উত্তর: বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগিয়ে প্রযুক্তি তৈরি করা হয়। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য বিজ্ঞানের আবিষ্কারের যেমন সফল ব্যবহার আছে, তেমনি অপব্যবহারও রয়েছে। যেমন—ত্রুটিপূর্ণ গাড়ি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ু দূষিত করছে। ফলে সৃষ্টি হচ্ছে শ্বাসকষ্টসহ নানা রকম অসুখ। শস্যের খেতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার বাতাস ও পানিকে দূষিত করছে। মাটির উর্বরাশক্তিও হ্রাস পাচ্ছে। রেডিও, টেলিভিশন ও কম্পিউটারের অপব্যবহার মানবদেহে নানা রকম সমস্যার সৃষ্টি করছে। এসব সমস্যার মধ্যে রয়েছে কানে কম শোনা, কাঁধ ও ঘাড়ে ব্যথা, চোখের পানি শুকিয়ে যাওয়া, দৃষ্টি কমে যাওয়া ইত্যাদি।
আবার এয়ারকুলার, রেফ্রিজারেটর থেকে নির্গত সিএফসি নামক গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে দিচ্ছে। তা ছাড়া পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে বিভিন্ন শহর ধ্বংস হয়েছে এবং সেই সঙ্গে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা