সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সান্তা পুকুরের পানি গৃহস্থালির কাজে ব্যবহার করে। তার বড় ভাই বেড়াতে এসে এ অবস্থা দেখে তাকে পানি শোধন করে নেওয়ার পরামর্শ দেয়। সে পুকুর থেকে পানি সংগ্রহ করে এবং তাপ দিয়ে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটি সান্তাকে দেখিয়ে দেয়।
প্রশ্ন:
ক. প্রজননের সময় ইলিশ মাছ কোথায় আসে?
খ. পানিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে কেন?
গ. সান্তার বড় ভাই কেন সান্তাকে এমন পরামর্শ দিল? ব্যাখ্যা করো।
ঘ. সান্তার বড় ভাইয়ের জীবাণুমুক্তকরণ পদ্ধতিটির জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো।
উত্তর-ক.
প্রজননের সময় ইলিশ মাছ মিঠা পানিতে আসে।
উত্তর-খ.
পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন কারখানা থেকে নানা কারণে প্রচুর তেজস্ক্রিয় পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পানি থেকে শুরু করে খাদ্যদ্রব্যেও তেজস্ক্রিয়তা পাওয়া যেতে পারে। এটি পারমাণবিক চুল্লি বিস্ফোরণ বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে হতে পারে। এ ছাড়া খনি থেকে খনিজ পদার্থ আহরণের সময়, পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন কারখানার বর্জ্য এবং পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা থেকে সৃষ্ট বর্জ্যের দ্বারা পানিতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে।
উত্তর-গ.
সান্তার বড় ভাই তাকে পানি শোধন করে ব্যবহার করার পরামর্শ দিয়েছিল। সান্তা এ ক্ষেত্রে অসচেতন। সে গৃহস্থালি কাজে পুকুরের পানি ব্যবহার করে। অর্থাত্ সে ধোয়া-মোছার কাজে, যেমন: কাপড় ধোয়া, থালাবাসন ধোয়া, ঘর মোছা ইত্যাদি কাজে এ পানি ব্যবহার করে। পুকুরের পানি নিরাপদ নয়। এ পানি সাধারণত দূষিত থাকে। এতে নানা রকম ময়লা-আবর্জনা ও রোগজীবাণু থাকে। থালাবাসন ধোয়ার কাজে এ পানি ব্যবহার করলে তা ঠিকমতো পরিষ্কার তো হয় না, বরং থালাবাসন রোগজীবাণু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এসব থালাবাসনে খাবার রাখলে বা খেলে পানিবাহিত রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আবার পুকুরের পানিতে কাপড় ধুয়ে তা পরলে চর্মরোগের সম্ভাবনা থাকে। এসব ক্ষতি থেকে রক্ষা করার জন্য তার বড় ভাই সান্তাকে ওই পরামর্শ দিয়েছিল।
উত্তর-ঘ.
সান্তার বড় ভাই বোনকে গৃহস্থালি কাজে পুকুরের পানি ব্যবহার করতে দেখে। পানির বিশুদ্ধতা যাচাইয়ের জন্য সে পুকুর থেকে পানি সংগ্রহ করে তাপ দিয়ে বিশুদ্ধ করে। একে স্ফুটন পদ্ধতিতে পানি বিশোধন বলা হয়। এ পদ্ধতিতে পানির সাথে কোনো রাসায়নিক পদার্থ মিশ্রিত করা হয় না। শুধু তাপ দিয়ে পানিকে জীবাণুমুক্ত ও দূষণমুক্ত করা হয়। স্ফুটন পদ্ধতিতে পানির তাপমাত্রাকে স্ফুটনাঙ্কে পৌঁছানো হয়। ফলে ১০০হ্ন সেলসিয়াস তাপমাত্রায় পানিতে বিদ্যমান সমস্ত ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যায়। এ ছাড়া পানিতে দ্রবীভূত ক্ষতিকর গ্যাসীয় পদার্থসমূহ বাতাসে উবে যায়। যেমন কার্বন ডাই-অক্সাইড পানিতে কার্বনিক অ্যাসিড হিসেবে থাকে। কিন্তু তাপ দেওয়ার ফলে কার্বনিক অ্যাসিড ভেঙে যায় এবং কার্বন ডাই-অক্সাইড উত্পন্ন হয়। উত্পন্ন গ্যাসটি বাতাসে উবে যায়। এ ছাড়া নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত অন্যান্য ক্ষতিকর গ্যাসও দূরীভূত হয়। সম্পূর্ণ রাসায়নিক পদার্থমুক্ত এই পানি বিশোধন-পদ্ধতি বাসাবাড়িতে খাওয়ার পানির জন্য সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া। তাই স্ফুটন পদ্ধতি খুবই জনপ্রিয়।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা