বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

# ফরহাদ একটি বস্তিতে বসবাস করে। বস্তিতে ওয়াসার সংযোগ না থাকায় সে নিকটবর্তী পুকুরে গোসল করে এবং কাপড়চোপড় কাচে। এ ক্ষেত্রে সে সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করে।
প্রশ্ন:
ক. ব্লিচিং পাউডারের সংকেত লেখো।
খ. বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটবে?
গ. ফরহাদ কীভাবে পানি দূষিত করছে? ব্যাখ্যা করো।
ঘ. পরহাদের বাড়ি-সংলগ্ন পুকুরের মাছ কিংবা শাকসবজি মানুষের জন্য কতটা নিরাপদ বলে তুমি মনে করো?
উত্তর: ক.
ব্লিচিং পাউডারের সংকেত হলো Ca(OCl)Cl
উত্তর: খ.
বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির তাপমাত্রাও বেড়ে যাবে। এ ছাড়া তাপমাত্রা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলসহ অন্যান্য জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করবে। এই বরফগলা পানি কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। ফলে পৃথিবীর যেসব দেশ নিচু, সেগুলো পানির নিচে তলিয়ে যাবে। এমনকি বাংলাদেশের দক্ষিণাঞ্চল পানির নিচে নিমজ্জিত হবে। সমুদ্রের লবণাক্ত পানি নদ-নদী, খাল-বিল, পুকুর, ভূগর্ভস্থ ও হ্রদের পানিতে মিশে যাবে। ফলে পানির সব উত্সই লবণাক্ত হয়ে পড়বে।
উত্তর: গ.
ফরহাদের মাধ্যমে পুকুরে রাসায়নিক পদার্থ (সাবান ও ডিটারজেন্ট) মিশে পানি দূষিত হচ্ছে। ফরহাদ নিয়মিত সাবান দিয়ে পুকুরে গোসল করে এবং ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করে। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ ও ডিটারজেন্ট হলে দীর্ঘ শিকলযুক্ত অ্যালকাইল হাইড্রোজেন সালফেট বা অ্যারাইল সালসেনিক অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা অ্যালকাইলাইটেড ফেনক্সি বা অ্যামোনিয়াম যৌগ। সাবান ও ডিটারজেন্ট উভয়ই প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ ধারণ করে, যা পানি দূষণের জন্য সরাসরি দায়ী। সাবানের ক্ষারীয় পদার্থ পানির pH বৃদ্ধি করে। উচ্চমাত্রার pH যুক্ত পানি জলজ পরিবেশে উদ্ভিদের বংশবিস্তারে বাধা সৃষ্টি করে। আবার ডিটারজেন্টের অম্লীয় উপাদান পানির pH হ্রাস করে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। অম্লীয় পানিতে পুকুরের ছোট মাছ ও গুল্ম জাতীয় উদ্ভিদ মারা যায়। এভাবে ফরহাদ কর্তৃক গোসলে সাবান ও কাপড় পরিষ্কারে ডিটারজেন্ট ব্যবহারের ফলে পুকুরের পানি দূষিত হচ্ছে।
উত্তর: ঘ.
ফরহাদের বাড়ি-সংলগ্ন পুকুরের দূষিত পানি পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। কারণ দূষিত পানি পরিবেশের জীব-জড় উভয়ের জন্য ক্ষতিকর। পানির ওপর প্রকৃতপক্ষে পুরো জীবজগত্ নির্ভরশীল। পানি না থাকলে জীবজগতের অস্তিত্ব থাকত না। তেমনি দূষিত পানিও জীবজগেক নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই ওই পুকুরের পানি দূষিত হওয়ায় তা অবশ্যই পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে। দূষিত পানির পুকুরে মাছ চাষ করা মাছ স্বাস্থ্যসম্মত নয়। যেমন ফরহাদ কর্তৃক পুকুরে অম্লীয় ও ক্ষারকীয় উভয় প্রকারের পদার্থ যুক্ত হচ্ছে। এতে পুকুরে চাষ করা মাছ অবশ্যই পুকুর থেকে অম্লীয় ও ক্ষারকীয় আয়ন শোষণ করবে। আর আমরা আমিষ আহরণের জন্য যদি এই মাছ খাই, তাহলে পেটে অবশ্যই ক্ষতিকর প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এ ছাড়া মানুষ পুকুর থেকে অনেক জলজ উদ্ভিদ সবজি হিসেবে আহরণ করে, যেমন কলমিলতা, হেলেঞ্চা প্রভৃতি। এই শ্রেণির উদ্ভিদগুলোর মধ্যে অতিমাত্রায় লবণের উপস্থিতি থাকবে, যা দেহের ক্ষতিসাধন করবে। সর্বোপরি এ ধরনের পুকুরের মাছ ও সবজির ন্যায় সবকিছুতেই ক্ষতিকর আয়ন থাকবে, যা খাদ্য হিসেবে গ্রহণ করা মানুষের জন্য নিরাপদ নয়।
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা।