বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সুফিয়া খাতুন বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। অপরদিকে রতন সাহেব তাঁর পানি বোতলজাতকরণ কারখানা ও ওষুধ তৈরির কারখানার কাজে পানিকে জীবাণুমুক্ত করে ব্যবহার করেন।
প্রশ্ন: ক. পানির স্ফুটনাঙ্ক কাকে বলে?
খ. জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন?
গ. সুফিয়া খাতুন পুকুরের পানিকে কীভাবে রান্নার উপযোগী করেন? ব্যাখ্যা করো।
ঘ. রতন সাহেব তাঁর দুই কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত করেন? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ক.
যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে অর্থাত্ বুদ্বুদসহ বাষ্প হতে শুরু করে তাকে পানির স্ফুটনাঙ্ক বলে।
উত্তর: খ.
জলজ উদ্ভিদের বিশেষ বাহ্যিক গঠনের জন্য পানির স্রোতে ভেঙে যায় না। অধিকাংশ জলজ উদ্ভিদের অঙ্গপ্রত্যঙ্গ খুব নরম, যা পানির স্রোত ও জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই। জলজ উদ্ভিদগুলোর মূল পানিতে ভাসমান থাকায় স্রোতের টানে এদিক-ওদিক যায়, এমনকি অনেক সময় পানির তলদেশে যায়, তবে অঙ্গের স্থিতিস্থাপকতার দরুন ভেঙে পড়ে না।
উত্তর: গ.
সুফিয়া খাতুন পানিকে স্ফুটনের মাধ্যমে রান্নার উপযোগী করেন। স্ফুটন হলো পানি বিশুদ্ধকরণের একটি ভৌত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পানিকে স্ফুটন শুরু হওয়ার পর ১৫-২০ মিনিট ধরে স্ফুটন করলে পানিতে বিদ্যমান জীবাণুগুলো মারা যায়। বাসাবাড়িতে ব্যবহূত পানি বিশুদ্ধকরণে স্ফুটন প্রক্রিয়া খুবই কার্যকরী। কারণ পানির স্ফুটনাঙ্ক ১০০হ্ন সেলসিয়াস। অপরদিকে পানিতে বিদ্যমান জীবাণু অধিকাংশই ৫০-৬০হ্ন সেলসিয়াস তাপমাত্রার ঊর্ধ্বে বেঁচে থাকতে পারে না। কারণ পানির তাপমাত্রা ৫০হ্ন সেলসিয়াসের ওপরে ওঠলেই পানিতে বিদ্যমান অণুজীবগুলোর বিপাক ক্রিয়া নষ্ট হয়ে যায়। তারা আর বেঁচে থাকার প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে না। এ ছাড়া স্ফুটন পদ্ধতিতে পানিতে বিদ্যমান দ্রবীভূত অনেক ক্ষতিকর গ্যাসীয় পদার্থ যেমন দ্রবীভূত CO2, N2 ইত্যাদি উবে যায়। ফলে স্ফুটনের পানি হয় বিশুদ্ধ ও জীবাণুমুক্ত। এই বিশুদ্ধ পানি দিয়ে রান্নাসহ সব ধরনের গৃহস্থালি কাজকর্ম করা যায়। আর উদ্দীপকের সুফিয়া খাতুন এভাবেই পুকুরের দূষিত পানিকে রান্নার উপযোগী করেন।
উত্তর: ঘ.
রতন সাহেব তাঁর দুটি কারখানায় পানি বিশুদ্ধকরণে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। কারণ তিনি দুই কারখানার পানি দুটি ভিন্ন কাজে ব্যবহার করেন। তিনি পানি বোতলজাতকরণ কারখানায় ক্লোরিনেশন পদ্ধতি ও ওষুধ তৈরির কারখানায় পাতন পদ্ধতি ব্যবহার করেন। আমরা জানি, বোতলজাত পানির কারখানায় সহজে পানিকে জীবাণুমুক্ত করতে ক্লোরিনেশন আর ওষুধ তৈরির কারখানায় ব্যবহূত পানি অধিক বিশুদ্ধ করতে পাতন পদ্ধতি অনুসরণ করা হয়। কারণ ক্লোরিনেশন ও পাতন উভয় প্রক্রিয়ায় পানি জীবাণুমুক্ত করা গেলেও বিশুদ্ধতার মানদণ্ডে বোতলজাত পানির চেয়ে ওষুধ তৈরির কারখানায় ব্যবহূত পানি অধিক বিশুদ্ধ হতে হয়। তাই রতন সাহেব বোতলজাত কারখানায় পানি জীবাণুমুক্তকরণে ক্লোরিনযুক্ত রাসায়নিক পদার্থ ব্লিচিং পাউডার কিংবা CI2 গ্যাস ব্যবহার করেন। এ পদ্ধতিতে ক্লোরিনের ক্রিয়ার ফলে পানিতে উপস্থিত ক্ষতিকর অণুজীব মারা যায়। অপরদিকে ওষুধ তৈরির কারখানায় ব্যবহূত পাতন পদ্ধতি হলো অধিকতর পানি বিশোধন পদ্ধতি। এ পদ্ধতিতে একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়। পরে ওই বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। ফলে এ প্রক্রিয়ায় বিশুদ্ধকৃত পানিতে অন্য কোনো দ্রবীভূত পদার্থ থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তাই অধিকতর স্পর্শকাতর ওষুধ তৈরির কারখানায় পাতন পদ্ধতিতে বিশুদ্ধ পানি ব্যবহার করা হয়।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা