
সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
# রহমান মিয়া মেঘনা নদীর তীরে বসবাস করেন। নদীতে তিনি বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলেন, এমনকি তাঁর পরিবারের অনেক সদস্য নদীতে মলত্যাগ করেন।
প্রশ্ন:
ক. মানবদেহে শতকরা পানির পরিমাণ কত?
খ. পানির তড়িত্ পরিবাহিতা ব্যাখ্যা করো।
গ. রহমান মিয়ার পরিবার কীভাবে পানি দূষিত করছে? বর্ণনা করো।
ঘ. অন্যান্য লোকেরা রহমান মিয়ার পরিবারের মতো কাজ করলে তা মেঘনা অববাহিকার সবার জন্য হুমকিস্বরূপ হয়ে পড়বে—বিশ্লেষণ করো।
উত্তর: ক.
মানবদেহে শতকরা পানির পরিমাণ ৬৫-৭৫ ভাগ।
উত্তর: খ.
পানির তড়িত্ পরিবাহিতা বলতে তড়িত্ পরিবহন করাকে বোঝায়। বিশুদ্ধ পানি তড়িত্ পরিবহন করে না। তবে এতে তড়িত্ বিশ্লেষ্য পদার্থ যেমন লবণ, অ্যাসিড) দ্রবীভূত থাকলে তড়িত্ পরিবহন করে। কারণ পানিতে তড়িত্ বিশ্লেষ্য পদার্থগুলো আয়নিক অবস্থায় থাকে। ফলে পানি তড়িত্ পরিবহন করতে পারে।
উত্তর: গ.
রহমান মিয়া পরিবার-পরিজন নিয়ে মেঘনা নদীর তীরে বসবাস করেন। তাঁর পরিবারের সদস্যরা নদীতে ময়লা ফেলেন এবং অনেক সদস্য নদীতে মলত্যাগ করেন। এঁদের দ্বারা মেঘনা নদীর পানি দূষিত হচ্ছে। আমাদের বাসাবাড়িতে যেসব কঠিন বর্জ্য পদার্থ উত্পন্ন হয়, সেগুলোকে ডাস্টবিনে কিংবা পানিতে ফেলে দিলে ১-২ দিনের মধ্যে এগুলো পচতে শুরু করে। পচনশীল এই গৃহস্থালি বর্জ্যে রোগজীবাণুসহ নানা রকম রাসায়নিক পদার্থ থাকে। এগুলো পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ নষ্ট করে দেয়। ফলে পানি দূষিত হয়ে যায়। রহমান মিয়ার পরিবার গৃহস্থালি বর্জ্য মেঘনা নদীতে ফেলে তাই করছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের পানিতে মলত্যাগের বিষয়টি আরও ক্ষতিকর। কেননা মলের মধ্যে প্রচুর জীবাণু থাকে। যা পানির মধ্যে সহজে ছড়িয়ে পড়ে এবং দ্রুত বংশবিস্তার করে। এভাবে রহমান মিয়ার পরিবার পানি দূষিত করছে।
উত্তর: ঘ.
রহমান মিয়ার পরিবার কর্তৃক পানি দূষণ মেঘনা অববাহিকার সবার জন্য ক্ষতিকর। কারণ মেঘনা হলো একটি খরস্রোতা নদী। এ নদীর কোথাও পানি দূষিত হলে স্রোতের মাধ্যমে নদীটির প্রায় সব জায়গার পানি দূষিত হয়ে পড়বে। পানি হলো পরিবেশের চারটি উপাদানের (মাটি, বায়ু, পানি, জীব) মধ্যে অন্যতম। এটি দ্বারা অন্যান্য উপাদান প্রভাবিত হয়। অর্থাত্ কোনো স্থানের পানি দূষিত হলে ওই স্থানের মাটি ও বায়ু দূষিত হবে এবং জীবগুলো রোগাক্রান্ত হবে। তাই মেঘনার বিস্তীর্ণ অববাহিকায় এর বিরূপ প্রভাব পড়বে। এ নদীর পানি গৃহস্থালি কাজে, কৃষিকাজে ও শিল্পকারখানায় ব্যবহার করা হয়। এ নদীর পানি দূষিত হলে সব ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হবে। আর রহমান মিয়ার পরিবারের মতো অন্যান্য লোকেরা একই কাজ করতে থাকলে পরিস্থিতি মারাত্মক হবে। তখন তাদের ওই কাজ মেঘনা অববাহিকার সবার জন্য হুমকিস্বরূপ হয়ে পড়বে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা