সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সুন্দরবন-সংলগ্ন পশুর নদের পানি সাম্প্রতিককালে অনেক ঘোলাটে হয়ে গেছে। দেশের নদী বিশেষজ্ঞরা এ নিয়ে খুবই চিন্তিত।
প্রশ্ন: ক. পরিস্রাবণ কী?
খ. লবণাক্ত পানি জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ কেন?
গ. নদীটিতে উদ্ভিদের জীবন কেন সংকটের মুখে পড়তে পারে? ব্যাখ্যা করো।
ঘ. নদীটিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কিরূপ হওয়া উচিত? মতামত দাও।
উত্তর: ক.
পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া।
উত্তর: খ.

পানির সব উত্স লবণাক্ত হলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এ ক্ষেত্রে মিঠা পানিতে বসবাসকারী জলজ উদ্ভিদ ও প্রাণী মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এবং একপর্যায়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ লবণাক্ততা বাড়লে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। আবার বৈশ্বিক উষ্ণতা ও লবণাক্ততা এই দুটির যৌথ বৃদ্ধির ফলে মিঠা পানিতে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যাবে, যার ফলে জলজ প্রাণী বাঁচতে পারবে না। জলজ উদ্ভিদের একটি বড় অংশ লবণাক্ত পানিতে জন্মাতেও পারে না, বেড়ে উঠতেও পারে না। তাই লবণাক্ত পানি জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।
উত্তর: গ.
পশুর নদে পানি ঘোলাটে থাকায় উদ্ভিদ পর্যাপ্ত সূর্যালোকের অভাবে খাদ্য তৈরি করতে পারবে না। আমরা জানি, উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। খাদ্য উত্পাদনের জন্য যেসব উপাদান অত্যাবশ্যকীয়, সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড ও সূর্যালোক। কিন্তু নদের পানি ঘোলাটে হলে সূর্যালোক পানির স্তর ভেদ করে নিচে পৌঁছাতে পারে না। ফলে নদের তলদেশে বসবাসকারী উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ জাতীয় খাদ্য উত্পন্ন করতে পারে না। খাদ্যের অভাবে উদ্ভিদদেহের সব বিপাকীয় কাজ বন্ধ হয়ে যায়। এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদটি একসময় মারাও যেতে পারে। অতএব ঘোলা পানিতে খাদ্য তৈরিতে সমস্যা হওয়ায় পশুর নদে উদ্ভিদের জীবন সংকটের মুখে পড়তে পারে।
উত্তর: ঘ.
পশুর নদে জলজ পরিবেশ তথা জীববৈচিত্র্য টিকে থাকার জন্য প্রতি লিটার পানিতে ন্যূনতম ৫ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। কারণ স্থলে বসবাসকারী জীবদের ন্যায় জলে বসবাসকারী জীবদের তথা প্রাণীদের শ্বাস-প্রশ্বাসের প্রয়োজন হয়। তারা এ জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন থেকে। কোনো কারণে এই অক্সিজেন যদি নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায়, তাহলে জলজ প্রাণীগুলোর অসুবিধা হয় এবং যদি পানিতে দ্রবীভূত অক্সিজেন না থাকে, তাহলে মাছসহ অন্যান্য প্রাণী বাঁচতে পারে না। আর মাছসহ অন্যান্য জলজ প্রাণী নদীতে না থাকলে পুরো ইকোসিস্টেম বিনষ্ট হয়ে যায়। কারণ খাদ্যশৃঙ্খলের ক্রমানুসারে এক স্তরের জীব অন্য স্তরের জীবের ওপর নির্ভর করে। যেমন পশুর নদের পানি ঘোলাটে হওয়ার কারণে নদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে সেখানকার জলজ পরিবেশে এ ধরনের অস্বাভাবিকতা সৃষ্টি হতে পারে। তাই পশুর নদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা স্বাভাবিক অর্থাত্ লিটারে ন্যূনতম ৫ মিলিগ্রাম হওয়া উচিত।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা