অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সেঁজুতি দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পায় না। অন্যদিকে, সেঁজুতির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয়। পরবর্তী সময়ে সেঁজুতি ও তার বাবা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সেঁজুতির জন্য একধরনের লেন্স এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শ দিলেন।
প্রশ্ন: ক. আলোর প্রতিসরণ কাকে বলে?
খ. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝায়?
গ. সেঁজুতি চোখের কোন ধরনের ত্রুটিতে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ. সেঁজুতি বাবার জন্য ডাক্তারের ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: ক.
আলোকরশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এদের বিভেদতলে তির্যকভাবে আপতিত হলে ওই তল থেকে দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলা হয়।
উত্তর: খ.
মানুষের চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখা যায়, তাকে স্পষ্ট দর্শনের নিকট বিন্দু এবং চোখ থেকে ওই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে। এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একজন শিশুর ক্ষেত্রে এই দূরত্ব ৫ সেন্টিমিটার এবং স্বাভাবিক বয়স্ক লোকের ক্ষেত্রে ২৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
উত্তর: গ.
সেঁজুতি চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। কারণ, সে দূরে অবস্থিত ব্ল্যাকবোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। এরূপ দৃষ্টিগত ত্রুটিসম্পন্ন মানুষের চোখের দূরবিন্দু অসীম দূরত্ব অপেক্ষা সাধারণত নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব থেকে আরও কাছে আনলে তা অধিকতর স্পষ্ট হয়। চোখে এ ধরনের সমস্যা দেখা দেয় চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে কিংবা অক্ষিগোলকের ব্যসার্ধ বৃদ্ধি পেলে। সেঁজুতির চোখের লেন্সে নির্গত আলোকরশ্মি প্রতিসরণের পর রেটিনার সামনে কোনো বিন্দুকে মিলিত হয়ে বিম্ব গঠন করে। এ কারণে সে স্পষ্ট দেখতে পায় না। ত্রুটিসম্পন্ন সেঁজুতির চোখে বিম্ব গঠন রশ্মির চিত্রের মাধ্যমে দেখানো হলো—

উত্তর: ঘ.
চোখের ত্রুটির ভিন্নতার কারণে সেঁজুতি ও তার বাবাকে ডাক্তার ভিন্ন ভিন্ন চশমা ব্যবহারের পরামর্শ দেন। সেঁজুতির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয়। তাই তিনি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাঁর চোখের দীর্ঘদৃষ্টি নামক ত্রুটি চিহ্নিত করে উত্তল লেন্স ব্যবহারের পরামর্শ দেন। অন্যদিকে, সেঁজুতির চোখে হ্রস্বদৃষ্টি নামক ত্রুটি হওয়ায় ডাক্তার তাকে অবতল লেন্স ব্যবহারের পরামর্শ দেন। সুতরাং দেখা যাচ্ছে, বাবা-মেয়ের চোখে সম্পূর্ণ ভিন্ন ধরনের ত্রুটি বিদ্যমান। সেঁজুতির চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে। ফলে তার চোখের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, সেঁজুতির বাবার চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়ায় চোখের অভিসারী ক্ষমতা কমে গেছে। এ অবস্থায় তাদের দুজনের দৃষ্টিকে স্বাভাবিক করতে হলে একজনের চোখের অভিসারী ক্ষমতা হ্রাস করতে হবে এবং অপরজনের অভিসারী ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তাই ডাক্তার বাবা-মেয়েকে ভিন্ন ভিন্ন চশমার ব্যবহারের পরামর্শ দিয়েছেণ। অতএব, ডাক্তারের এই পরামর্শ যুক্তিসংগত।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা