সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# বস্ত্র শিল্পের চাহিদার প্রতি লক্ষ রেখে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড তাদের নিজস্ব খামারে কার্পাসের পাশাপাশি পাট, শন, তিসি ইত্যাদি চাষাবাদ করে থাকে। অভিজ্ঞ কর্মচারী দ্বারা এসব গাছ থেকে তন্তু সংগ্রহ করা হয়। সংগৃহীত তন্তু থেকে পরবর্তী সময়ে সুতা উত্পাদন করা হয়। সুতা উত্পাদনের সময় তন্তুগুলোর ব্লেন্ডিং অ্যান্ড মিকসিং, কার্ডিং অ্যান্ড কম্বিং করার পর সবশেষে স্পিনিং করা হয়।
প্রশ্ন:
ক. কোকুন কী?
খ. তন্তুকে কার্ডিং করা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত উত্সগুলো থেকে তন্তু সংগ্রহ পদ্ধতি বর্ণনা করো।
ঘ. উক্ত কারখানার সুতা তৈরির সর্বশেষ ধাপটি সুতার গুণগত মান নির্ধারণে কী ধরনের ভূমিকা পালন করে আলোচনা করো।
উত্তর: ক.
রেশম পোকা থেকে তৈরি গুটিকে কোকুন বলে।
উত্তর: খ.
তুলা, লিনেন পশম ইত্যাদি তন্তু থেকে সুতা তৈরির একপর্যায়ে কার্ডিং করা হয়। কার্ডিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে এসব তন্তু থেকে ধুলাবালু, অন্যান্য ময়লা, অতিরিক্ত ছোট আঁশ ইত্যাদি দূরীভূত করা হয়। এর ফলে তন্তু পরিষ্কার হয়।
উত্তর: গ.
উদ্দীপকের তন্তুর যে উত্সগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো প্রাকৃতিক উদ্ভিজ্জ উত্স। প্রকৃতি থেকে প্রাপ্ত তন্তুই হলো প্রাকৃতিক তন্তু। আর এই প্রাকৃতিক তন্তুর উত্স যদি উদ্ভিদ হয় তবে তাকে বলে উদ্ভিজ্জ উত্স। এখানে উদ্ভিজ্জ উত্স হিসেবে কয়েকটি উদ্ভিদের নাম বলা হয়েছে। যেমন কার্পাস, পাট, শণ, তিসি ইত্যাদি। নিচে এসব উত্স থেকে তন্তু সংগ্রহ পদ্ধতি আলোচনা করা হলো।
ভিন্ন ভিন্ন উত্স থেকে তন্তু সংগ্রহের পদ্ধতি বিভিন্ন। যেমন কটন বা তুলার ক্ষেত্রে প্রথম মাঠ থেকে কার্পাস ফল সংগ্রহের পর বীজ থেকে তুলা পৃথক করা হয়। একে জিনিং বলে।
জিনিংয়ের মাধ্যমে তুলা পৃথককরণের পর প্রাথমিকভাবে যে তন্তু পাওয়া যায়, তার নাম কটন লিন্ট। এটিই সুতা তৈরির মৌলিক উপাদান। বেশ কিছু পরিমাণ কটন লিন্ট নিয়ে গাইট বা বেল বাঁধা হয়। পাট, শণ, তিসি ইত্যাদি থেকে আঁশ সংগ্রহ পদ্ধতি সম্পূর্ণ আলাদা। সাধারণত পরিণত অবস্থায় এসব উদ্ভিদ কেটে কয়েক দিনের জন্য পানিতে ডুবিয়ে পচানো হয়। তারপর আঁশ ছাড়ানো হয়। এ আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে রৌদ্রে শুকিয়ে গাইট বা বেল বাঁধা হয়।
উত্তর: ঘ.
উক্ত কারখানায় সুতা তৈরির সর্বশেষ ধাপ হলো স্পিনিং। সুতা তৈরির এ ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ ধাপেই মূলত তন্তুগুলোকে পাকিয়ে সুতায় পরিণত করা হয় যা সুতার গুণগত মান নির্ণয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে।
সুতা তৈরির প্রাথমিক ধাপগুলোর শেষে তন্তুর কার্ডিং ও কম্বিং করা হয় ফলে তন্তুগুলো পাতলা আন্তরণে পরিণত হয়। এ আস্তরণকে বলে স্লিভার। আর স্পিনিং পর্যায়ে স্লিভারকে টেনে ক্রমেই অধিকতর সরু করা হয়। এভাবে পরিবর্তিত স্লিভারকে মোচড় বা পাক দেওয়া হয়। এতে তন্তুগুলো একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে সুতায় পরিণত হয়। স্বভাবতই মোচড়ের পরিমাণ যত বেশি হবে সুতা তত শক্ত হবে। আবার অতিরিক্ত মোচড়ে সুতা ছিঁড়ে যেতে পারে। মূলত তন্তুর দৈর্ঘ্য ও গুণাগুণ ভেদে সুতা কাটার সময় মোচড়ের পরিমাণ বিভিন্ন হয়। লম্বা তন্তু বিশিষ্ট পাট বা লিনেনে তুলনামূলকভাবে কম মোচড় দিতে হয়। আবার খাটো মাপের তন্তু, কটন, উলেন ইত্যাদিতে তুলনামূলকভাবে বেশি মোচড় দিতে হয়। সুতা কাটার সময় টুইস্ট কাউন্টার নামক যন্ত্রের সাহায্যে সুতার মোচড়ের দিক ও পরিমাণ নির্ণয় করা হয়।
ওপরের আলোচনায় দেখা যাচ্ছে সুতা কাটার সর্বশেষ ধাপ তথা স্পিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ ধাপেই মূলত তন্তু থেকে সুতা তৈরি করা হয়। শুধু তাই নয় সুতার গুণগত মান ও বৈশিষ্ট্য কেমন হবে, তা-ও এ ধাপেই নির্ধারিত হয়। সুতরাং সুতা তৈরির ক্ষেত্রে স্পিনিং সুতার গুণগত মান নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে থাকে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা