বিজ্ঞান
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# দীর্ঘদিন বেকার থাকার পর রাজশাহীর যুবক সুমন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার পরামর্শে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে রেশম চাষ শুরু করল। বর্তমানে তার ফার্মে প্রতিদিন রেশম গুটি থেকে প্রচুর রেশম সুতা উত্পাদন ও বাজারজাত করা হয়। এখন সে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী। শুধু তা-ই নয়, বর্তমানে তার ফার্মে আরও কয়েকজন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রশ্ন: ক. স্লাইভার কী?
খ. হেলকিং করা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. সুমনের কারখানায় কীভাবে সুতা উত্পাদন করা হয় ব্যাখ্যা করো।
ঘ. কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে সুমনের উদ্যোগের মূল্যায়ন করো।
উত্তর: ক. কার্ডিংয়ের কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয়, একে স্লাইভার বলে।
উত্তর: খ. সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং এবং কম্বিং। তুলা, লিনেন ও পশম তন্তুর বেলায় এ ধাপটি প্রয়োগ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু কার্ডিং করলেই চলে। তবে মিহি, মসৃণ ও সরু সুতার জন্য কম্বিং দরকার হয়। লিনেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয়, যা হেলকিং নামে পরিচিত। হেলকিং করলে সুতা অত্যন্ত ক্ষুদ্র ও মিহি হয়।
উত্তর: গ. সুমনের কারখানায় রেশম চাষের মাধ্যমে রেশম সুতা উত্পাদন করা হয়। রেশম পোকার লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস বাতাসের সংস্পর্শে এসে শুকিয়ে একধরনের সুতায় পরিণত হয়। একেই রেশম সুতা বলে। সুমনের কারখানায় যেভাবে রেশম সুতা উত্পাদন করা হয় তা নিচে বর্ণনা করা হলো:
রেশম পোকা থেকে তৈরি হয় একধরনের গুটি বা কোকন। পরিণত সাবান পানিতে লোহার কড়াইয়ে সেদ্ধ করা হয়। সেদ্ধ করা কোকন বেশ নরম হয় এবং ওপর থেকে একটি খোসা বা পরত উঠে যায়। এতে তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। নাল থেকে সাবধানে লম্বা আঁশ বা সুতা বের করে আনতে হয়। মিহি সুতার জন্য ৫ থেকে ৭টি কোকনের মাথা বা নাল এবং মোটা বা মাঝারি সুতার জন্য ১৫ থেকে ২০টি নাল একত্র করে চরকার সাহায্যে সুতার ফেটি করা হয়। নালগুলো একত্র করলে পরস্পর আঠালোভাবে লেগে একগাছি সুতায় পরিণত হয়।
উত্তর: ঘ. কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে সুমনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। কেননা রেশম চাষের মাধ্যমে সে নিজে স্বাবলম্বী হয়েছে, পাশাপাশি অন্যেরও এখানে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রাচীনকাল থেকেই বস্ত্র শিল্পে রেশম সুতার একটি বিশেষ কদর পরিলক্ষিত হয়। এ তন্তু থেকে সুতা পেতে হলে প্রয়োজন রেশম চাষ। রেশম চাষ একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। কেননা রেশম সুতার তৈরি কাপড়চোপড় অনেক সুন্দর, টেকসই, মজবুত, আরামদায়ক ও সব ঋতুতে ব্যবহার উপযোগী। এ সুতা বৈদ্যুতিক তারের ইনস্যুলেটর তৈরিতে, মাছ ধরার সুতা ও সার্জিক্যাল সুতা হিসেবে অস্ত্রোপচারের সময় ব্যবহূত হয়। এসব সামগ্রী তৈরির মাধ্যমে প্রচুর উপার্জন করা সম্ভব। পাশাপাশি এসব তৈরির কারখানায় অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। রেশম পোকার দেহ নিঃসৃত তেল ও দেবাবশেষ হাঁস-মুরগির খাদ্য ও সার হিসেবে ব্যবহূত হয়। এসব তৈরি করে অনেক অর্থ উপার্জন করা সম্ভব। এ ছাড়া বাড়ির গৃহিণীরা স্বল্প পরিশ্রমে ও অল্প পুঁজি বিনিয়োগ করে রেশম চাষে প্রচুর অর্থ উপার্জনের মাধ্যমে সংসারে সচ্ছলতা আনতে পারে। সুমন মূলত এভাবেই স্বাবলম্বী হয়েছে।
ওপরের আলোচনা থেকে বলা যেতে পারে যে রেশম চাষের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। এতে একদিকে নিজে স্বাবলম্বী হওয়া যায় অন্যদিকে অপরের কাজের সুযোগ সৃষ্টি করা যায়। সুমনের ক্ষেত্রে এমনটিই ঘটেছে। তাই নিঃসন্দেহে বলা যায় সুমন যে উদ্যোগ গ্রহণ করেছে, তা কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। তাই তার উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা