বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# জনাব রহমান সাহেব দীর্ঘদিন ধরে রেশম সুতা উত্পাদন ও বাজারজাত করে আসছেন। তিনি লক্ষ করলেন, ইদানীং তার উত্পাদিত সুতার চাহিদা অনেক কমে গেছে। এর কারণ অনুসন্ধানের জন্য তিনি ক্রেতাদের মধ্যে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করলেন। জরিপের ফলাফলে তিনি বুঝতে পারলেন, কৃত্রিম তন্তু থেকে তৈরি সামগ্রীর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি।
প্রশ্ন:
ক. ব্যাচিং কী?
খ. ধাতব তন্তু বলতে কী বোঝায়?
গ. রহমান সাহেবের কারখানায় উত্পাদিত সুতা কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে লেখো।
ঘ. রহমান সাহেবের জরিপের ফলাফলের সাথে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ক.
পাট তন্তুর বেলায় বেল বা গাঁইট থেকে মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে ব্যাচিং বলে।

উত্তর: খ.
যেকোনো নরম ধাতু, যেমন সোনা, রুপা, তামা বা এদের সংকর ধাতুকে যান্ত্রিক উপায়ে টেনে মিহি তার বা সুতা তৈরি করা হয়। একেই ধাতব তন্তু বলে। ধাতব তন্তুগুলো সাধারণত ডেকোরেটিভ বস্ত্র তৈরিতে ব্যবহূত হয়। যেমন মাইলার, ড্রুবাসট্রোন, রেমেট ইত্যাদি।
উত্তর: গ.
অতি প্রাচীনকাল থেকেই বস্ত্র শিল্পে রেশম ব্যবহূত হয়ে আসছে। তখন থেকে অদ্যাবধি এ সুতার কদর ও গুরুত্ব অন্য যেকোনো সুতা থেকে আলাদা। বর্তমান বহুবিধ কাজে রেশম ব্যবহার করা হয়ে থাকে। যেমন—
i) রেশম থেকে শাড়ি, গরদ, মুগা ও তসর ইত্যাদি মূল্যবান কাপড় তৈরি হয়।
ii) রেশমি সুতা বিদ্যুত্ অপরিবাহী বলে বৈদ্যুতিক তারের ইনস্যুলেটর আবরণ তৈরিতে ব্যবহূত হয়।
iii) অস্ত্রোপচারের সময় যে সার্জিক্যাল সুতা ব্যবহার করা হয়, তা রেশমি সুতার তৈরি।
iv) পরিত্যক্ত রেশম পোকা জমিতে সার হিসেবে ব্যবহূত হয়।
v) রেশম পোকার দেহ নিঃসৃত তেল ও দেহাবশেষ হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহূত হয়।
vi) রেশম সুতা খুব মজবুত, তাই ক্ষেত্রবিশেষে মাছ ধরার কাজে ব্যবহূত হয়।
vii) রেশম চাষ করে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

উত্তর: ঘ.
রহমান সাহেবের জরিপের ফলাফলে বলা হয়েছে, কৃত্রিম তন্তু থেকে উত্পাদিত সামগ্রীর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত। কেননা সময়ের বিবর্তনের মানুষের রুচি, চাহিদা ও সামর্থ্যের পরিবর্তন ঘটে। মানুষ একঘেয়েমি থেকে বৈচিত্র্যকে বেশি পছন্দ করে। তাই জরিপের ফলাফল সঠিক, বাস্তব ও যুগোপযোগী।
কৃত্রিম তন্তু আবিষ্কারের পূর্বে প্রাকৃতিক তন্তুই ছিল একমাত্র ভরসা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা সমস্যার কারণে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রাকৃতিক তন্তু সংগ্রহে সমস্যা দেখা দেয়। রেশমের ক্ষেত্রেও ওপরের সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছিল। তা ছাড়া রেশমের তৈরি সামগ্রীর বাজারমূল্য অন্যান্য তন্তু থেকে তুলনামূলকভাবে বেশি।
ফলে বিকল্প ও সস্তায় পাওয়া যায় মানুষ এমন তন্তুর প্রত্যাশায় ছিল। তাদের এ প্রত্যাশা পূরণ হয় কৃত্রিম তন্তু আবিষ্কারের ফলে। এ তন্তুর উত্পাদন খরচ কম বলে বাজারমূল্য কম পড়ে। তা ছাড়া এ তন্তু এবং এর তৈরি দ্রব্যাদি হালকা, মজবুত, টেকসই, দীর্ঘস্থায়ী, বিভিন্ন বর্ণ ও বৈচিত্র্যের সমাবেশ ঘটায় ক্রেতারা সহজেই এর প্রতি আকৃষ্ট হয়। ওপরের আলোচনা থেকে নিশ্চিতভাবেই বলা যায় রহমান সাহেবের জরিপের ফলাফল সঠিক, যুক্তিযুক্ত ও বাস্তবোচিত। তাই আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করি।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা