
সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# গণি মিয়ার জমিতে গেল কয়েক বছর ধারাবাহিকভাবে ফলন কমে যাওয়ায় বিষয়টি তিনি স্থানীয় কৃষি কর্মকর্তাকে জানালেন। কৃষি কর্মকর্তা গণি মিয়ার জমি থেকে নমুনা মাটি সংগ্রহ করে pH মান নির্ণয় করলেন। pH মান 2.8 হওয়ায় তিনি গণি মিয়াকে ওই জমিতে চুন ব্যবহারের পরামর্শ দেন।
প্রশ্ন: ক. কাপড় কাচার সাবান তৈরিতে কোন ক্ষার ব্যবহূত হয়?
খ. ক্ষার বা ক্ষারক ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন করো।
ঘ. দৈনন্দিন জীবনে উদ্দীপকে উল্লিখিত মানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: ক. সোডিয়াম হাইড্রোক্সাইড।
উত্তর: খ. ক্ষার বা ক্ষারক উভয়ই আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। যেমন কাপড় কাচার সাবানে ক্ষার থাকায় অতিরিক্ত সাবান ব্যবহার করলে হাতের তালু থেকে ছোট ছোট চামড়া উঠে যায়। আমাদের ত্বকের pH মান নির্দিষ্ট। সাবানের ক্ষার ওই নির্দিষ্ট pH মানের পরিবর্তন ঘটায়। তাই ক্ষার ও ক্ষারীয় দ্রব্যাদি ব্যবহারের সময় মোজা এবং গায়ে অ্যাপ্রোন পরে সাবধানতা অবলম্বন করা উচিত।
উত্তর: গ. গণি মিয়া পরপর কয়েক বছর ভালো ফলন না পাওয়ায় কৃষি কর্মকর্তার নিকট যান এবং বিষয়টি অবগত করলে কৃষি কর্মকর্তা ওই জমির মাটির pH পরীক্ষা করে তাঁকে জমিতে চুন ব্যবহারের পরামর্শ দেন।
কেননা ওই জমির মাটির pH নির্ণয় করে 2.8 ফলাফল পান যা pH স্কেল অনুযায়ী অম্লতা নির্দেশ করে। আমরা জানি মাটির pH সাধারণত 4-8 হয়ে থাকে। pH মান এর কম হলে ওই মাটি অনেক প্রয়োজনীয় কিছু উপাদান যেমন ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg) হারায়। ফলে মাটির উর্বরতা শক্তি হ্রাস পায়। এমতাবস্থায় জমিতে ক্ষারক ব্যবহার করে অ্যাসিডটিকে প্রশমিত করে উর্বরতা শক্তি ফিরিয়ে আনা হয়। চুন (CaO) হলো এক প্রকার ক্ষারক যা মাটির অম্লের সঙ্গে বিক্রিয়া করে অম্লকে প্রশমিত করতে সক্ষম। ফলে pH মান কৃষি উপযোগী হয়ে ওঠে। তাই কৃষি কর্মকর্তার পরামর্শ ওই জমির জন্য ছিল যথার্থ।
উত্তর: ঘ. কোনো একটি পদার্থ অ্যাসিড, ক্ষার না নিরপেক্ষ এবং তাতে কী পরিমাণ অ্যাসিড বা ক্ষার আছে, তা নির্ণয় করা যায় ওই পদার্থের pH মান পরিমাপ করে। কোন একটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদমকে pH বলে। অর্থাত্ pH=-log [H+] যেখানে [H+] হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, যার একক মোল লিটার।
কোন দ্রবণের pH=7 হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি।
কোন দ্রবণের pHআবার, কোনো দ্রবণের pH>7 হলে তা হবে ক্ষারীয় দ্রবণ।
আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার্য অনেক দ্রব্য সামগ্রী, কৃষি ক্ষেত্রে এমনকি শিল্প ক্ষেত্রেও এই pH মানের ব্যবহার দেখে থাকি। যেমন—
১) আমাদের ধমনির রক্তের pH প্রায় 7.4। এর সামান্য হেরফের হলে (0.4) মারাত্মক বিপর্যয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ২) আমাদের জিহ্বার pH ৬.৬ এর কাছাকাছি। ৩) পাকস্থলীতে হজমের জন্য সুবিধাজন pH হলো 2। ৪) প্রস্রাবের pH 7 এর কম থাকা স্বাভাবিক। ৫) কৃষি জমির pH সাধারণত 4-8 হয়ে থাকে। ৬) পূর্ণবয়স্ক মানুষের ত্বকের pH সাধারণত 4-6 থাকে। ৭) নবজাতকের ত্বকের pH 7 এর কাছাকাছি হয়। ৮) ভিনেগারের pH সাধারণত 2.4 হয়। ৯) টুথপেস্টের pH সাধারণত 9-11 এর মধ্যে হয়। ১০) ফেস ওয়াসের pH মান 5.5 হয়ে থাকে।
অর্থাত্ নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট মানের pH আবশ্যক। এই pH মানের হ্রাস বৃদ্ধি বা নির্দিষ্ট pH মানের কোনো ব্যবহার্য সামগ্রীর পরিবর্তে অন্য pH মানের সামগ্রী ব্যবহার অবশ্যই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে কৃষি ক্ষেত্রে নির্দিষ্ট pH মানের পরিবর্তন গোটা প্রাণিকুলের জন্য হুমকিস্বরূপ। একইভাবে পাকস্থলীর pH পরিবর্তন, প্রস্রাবের pH মানের পরিবর্তন, শিল্প ক্ষেত্রে অত্যাবশ্যকীয় pH মানের পরিবর্তন সবই নানামুখী সমস্যার জন্ম দেবে। অতএব সহজেই অনুমেয়, দৈনন্দিন জীবনে pH মানের গুরুত্ব অপরিসীম।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা