বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৩
অর্পা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। একদিন সে কিছু কিশমিশ একটি বাটিতে পানির মধ্যে ভিজিয়ে রাখে। এগুলো ফুলে যাওয়ার পর সে কিশমিশগুলো মধুতে ডুবিয়ে রাখে। এরপর সে লক্ষ করে কিশমিশগুলো সব চুপসে গেছে।

ক. ভেদ্য পর্দা কী?
খ. প্রস্বেদন বলতে কী বোঝায়?
গ. কিশমিশগুলো প্রথমে ফুলে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. কিশমিশগুলো প্রথমাবস্থায় ফুলে গেলেও পরে চুপসে যাওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর-ক. যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে, তাকে ভেদ্য পর্দা বলে। যেমন: কোষপ্রাচীর।
উত্তর-খ. যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঙ্গ, যেমন: পাতা, কাণ্ড, লেন্টিসেলের মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গত করে, তাকে প্রস্বেদন বলে। উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ প্রস্বেদন-প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে।
উত্তর-গ. অন্তঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় কিশমিশগুলোর অভ্যন্তরে পানি প্রবেশ করে। ফলে কিশমিশগুলো ফুলে ওঠে। যে অভিস্রবণ-প্রক্রিয়ায় পানি (দ্রাবক) কোষের বাইরে থেকে কোষের ভেতরে প্রবেশ করে, তাকে অন্তঃঅভিস্রবণ বলে। কিশমিশের অভ্যন্তরে কোষরসের ঘনত্ব বাইরের দ্রবণের ঘনত্ব অপেক্ষা বেশি। কিশমিশের বাইরের আবরণটি বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে থাকে। কিশমিশের বাইরে বাটির দ্রবণে পানির পরিমাণ বেশি। কিন্তু কিশমিশের ভেতরের দ্রবণে পানির পরিমাণ খুবই কম। এ অবস্থায় বাটি থেকে পানি কিশমিশের বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে ভেতরে ঘন দ্রবণে প্রবেশ করে। ফলে কিশমিশগুলো ফুলে গেছে।

উত্তর-ঘ. অন্তঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় কিশমিশের অভ্যন্তরে পানি প্রবেশ করায় কিশমিশগুলো ফুলে যায়। পরে ফুলে যাওয়া কিশমিশগুলোকে মধুতে ডুবিয়ে রাখা হলে কিছুক্ষণ পর সেগুলো চুপসে যায়। বহিঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় কিশমিশ থেকে পানি বাইরে বের হয়ে আসায় সেগুলো চুপসে যায়। যে অভিস্রবণ-প্রক্রিয়ায় পানি (দ্রাবক) কোষের ভেতর থেকে বাইরে চলে আসে, তাকে বহিঃঅভিস্রবণ বলে। এখানে কিশমিশের অভ্যন্তরের কোষরসের ঘনত্ব মধুর ঘনত্ব অপেক্ষা কম। ফলে কিশমিশের অভ্যন্তরের কোষরস কিশমিশের বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে বাইরে অপেক্ষাকৃত বেশি ঘনত্ববিশিষ্ট মধুতে চলে আসে। ফলে কিশমিশগুলো সব চুপসে যায়। সুতরাং অন্তঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় কিশমিশের অভ্যন্তরে পানি প্রবেশ করায় প্রথমাবস্থায় সেগুলো ফুলে যায়। কিন্তু পরে ফুলে যাওয়া কিশমিশগুলোকে বেশি ঘনত্ববিশিষ্ট মধুর মধ্যে রাখা হলে বহিঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় তা থেকে পানি বের হয়ে যায়। ফলে সেগুলো চুপসে যায়।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা