সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আতিক আম পাড়তে গাছে উঠে ডালে ঝাঁকি দিতেই ডাল ভেঙে আমসহ নিচে পড়ে গেল। ওই ডালে ৮টি আম ছিল।
ক. মহাকর্ষ কী?
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?
গ. প্রতিটি আমের ভর ৩০০ গ্রাম হলে ওই ডালের সব কটি আমের ওজন নির্ণয় করো।
ঘ. আতিক এবং আমগুলো কি একই সময়ে মাটিতে পড়বে? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।
উত্তর-ক
মহাকর্ষ: মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ।
উত্তর-খ
অভিকর্ষের প্রভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে ‘g’ দ্বারা প্রকাশ করা হয়। ভূপৃষ্ঠে এর গড় মান ৯.৮ মিটার/সেকেন্ড২।
উত্তর-গ
দেওয়া আছে,
১টি আমের ভর = ৩০০ গ্রাম
= কি. গ্রা.
= ০.৩ কি. গ্রা.
৮টি আমের ভর = (০.৩ × ৮) কি. গ্রা.
= ২.৪ কি. গ্রা.
অভিকর্ষজ ত্বরণ = ৯.৮ মিটার/সেকেন্ড২
আমরা জানি, ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ
= (২.৪× ৯.৮) নিউটন
= ২৩.৫২ নিউটন
সব কটি আমের ওজন ২৩.৫২ নিউটন (উত্তর)
উত্তর-ঘ
উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি নিচে পড়তে থাকে। একই উচ্চতা থেকে ভিন্ন ভরের দুটি বস্তুকে ছেড়ে দেওয়া হলে মাটিতে পড়তে এদের ভিন্ন সময়ের প্রয়োজন পড়ে। কারণ কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়তে থাকে তখন এর বিরুদ্ধে বায়ুর ঊর্ধ্বচাপ এবং ঘর্ষণের বাধা কাজ করে। যে বস্তুর ভর বেশি সেটি বায়ুর ঊর্ধ্বচাপ ও ঘর্ষণের বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় কিছুটা কম লাগে। উদ্দীপকে আতিক এবং আমগুলোর মধ্যে আমগুলোর তুলনায় আতিকের ভর বেশি হবে। অর্থাত্ আতিক এবং আমগুলো একই সময়ে মাটিতে পতিত হবে না। আতিক আগে মাটিতে পড়বে এবং তারপর আমগুলো পড়বে। তবে ঘটনাটি যদি একটি বায়ুশূন্য মাধ্যমে ঘটে তাহলে আতিক এবং আমগুলো একই সময়ে মাটিতে পড়বে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা