সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৮
(i) 2H2O = 2H2 + O2
(ii) Zn + H2SO4 = ZnSO4 + H2
(iii) 2HCl = H2 + Cl2
ক. খাওয়ার সোডার সংকেত লেখো।
খ. তড়িত্ অবিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝায়?
গ. (ii) নম্বর বিক্রিয়া থেকে দেখাও যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয় না।
ঘ. সব বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া—(i) ও (iii) নম্বর বিক্রিয়ার সাহায্যে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর-ক
খাওয়ার সোডার সংকেত NaHCO3।
উত্তর-খ
সব পদার্থ তড়িত্প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে না। যেসব পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িত্ পরিবহন করে না, ফলে রাসায়নিক বিক্রিয়াও করে না, তাদের তড়িত্ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন: চিনি, গ্লুকোজ ইত্যাদি।
উত্তর-গ
(ii) নম্বর বিক্রিয়াটি হলো— Zn + H2SO4 = ZnSO4 + H2
বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা হিসাব করে দেখানো যায় যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয় না।
Zn + H2SO4 = ZnSO4 + H2
(১×১)+{(১×২)+(১×১)+(১×৪)}={(১×১)+(১×১)+(১×৪)}+(১×২)
বা, ১+{২+১+৪} = {১+১+৪} + ২
বা, ১+৭ = ৬ + ২
বা, ৮টি পরমাণু = ৮টি পরমাণু
যেহেতু বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান, অতএব রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টি বা ধ্বংস হয় না।
উত্তর-ঘ
যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয়, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। অপর দিকে, যে বিয়োজন বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলে পরিণত হয়, তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলে।
(i) নম্বর বিক্রিয়া: 2H2O = 2H2 + O2
(iii) নম্বর বিক্রিয়া: 2HCl = H2 + Cl2
(i) নম্বর বিক্রিয়ায় পানি ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উত্পন্ন করেছে এবং (iii) নম্বর বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন ও ক্লোরিনে পরিণত হয়। উল্লিখিত বিক্রিয়া দুটিতে পানি ও হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে নতুন দুটি পদার্থে পরিণত হওয়ায় এটি বিয়োজন বিক্রিয়া। আবার পানির অণু ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন মৌলে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন ও ক্লোরিন মৌলে পরিণত হওয়ায় বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞামতে বিক্রিয়া দুটি বিশ্লেষণ বিক্রিয়া। সুতরাং, (i) ও (iii) নম্বর বিক্রিয়া পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে সব বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা