বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১৩
প্রিয় পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

সেঁজুতি ইদানীং কিছুই খেতে চায় না। তার খাওয়ায় অরুচি ও বমি বমি ভাব হয়। ত্বকও খসখসে হয়ে গেছে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে মাছ, মাংস বেশি খেতে বললেন।
ক. সুষম খাদ্য কাকে বলে?
খ. পুষ্টি বলতে কী বোঝায়?
গ. ডাক্তার সেঁজুতিকে উল্লিখিত খাবারগুলো খেতে বললেন কেন?
ঘ. পরামর্শ অনুসারে খাবার না খেলে পরবর্তী সময়ে তার কী কী সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর-ক
যেসব খাদ্যবস্তু দেহের ক্যালরি চাহিদা পূরণ করে, কোষের বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং শারীরবৃত্তীয় কার্যাবলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে সুষম খাদ্য বলে।
উত্তর-খ
পুষ্টি হলো জীবের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এসব সরল উপাদান দেহ শোষণ করে নেয়। শোষণের পর খাদ্য উপাদানগুলো দেহের সব অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে। তা ছাড়া তাপ উত্পাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি জোগায়। দেহে খাদ্যের এসব কাজই পুষ্টি-প্রক্রিয়ার অন্তর্গত।
উত্তর-গ
ডাক্তার সেঁজুতির শারীরিক অবস্থার কথা শুনে বুঝতে পারেন, তার শরীরে আমিষের অভাব রয়েছে। খাদ্যে পরিমিত জৈব আমিষ বা মিশ্র আমিষ না থাকলে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক ফ্যাকাশে হয়, বমি বমি ভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয়। খাদ্যে প্রাণিজ আমিষ বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলেও নানা ধরনের উপসর্গ সৃষ্টি হয়। আমিষের অভাব পূরণের জন্যই ডাক্তার সেঁজুতিকে মাছ, মাংস বেশি খেতে পরামর্শ দিলেন।
উত্তর-ঘ
ডাক্তার সেঁজুতিকে আমিষজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিলেন। আমিষ আমাদের দেহের গঠন উপাদান। আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি যৌগ। দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের ভারসাম্য রক্ষায় কয়েকটি অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তারের পরামর্শ অনুসারে আমিষজাতীয় খাদ্য না খেলে সেঁজুতির নিচের সমস্যাগুলো দেখা দিতে পারে।
i. দেহের বৃদ্ধি ব্যাহত হবে ও শরীরের ওজন হ্রাস পাবে।
ii. পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকবে।
iii. শরীর ক্ষীণ হয়ে অস্থিচর্মসার হবে।
iv. ত্বক খসখসে হয়ে ঝুলে পড়বে।
v. শরীরে রক্তস্বল্পতা, সেরাসমাস প্রভৃতি রোগ হতে পারে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা