বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
কৃত্রিম উপগ্রহ কাজ
M যেকোনো দেশে টেলিফোনে কথোপকথন
N দূষণ নির্ণয়
P জাহাজ ও বিমানের অবস্থান নির্ণয়

ক. মহাবিশ্ব কী?
খ. গ্যালাক্সি বলতে কী বোঝায়?
গ. M-এর বর্ণনা দাও।
ঘ. M, N ও P কি একই ধরনের কৃত্রিম উপগ্রহ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর-ক
ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর-দূরান্তে গ্রহ-নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না-দেখা যা কিছু আছে, তার সবকিছু নিয়েই মহাবিশ্ব।
উত্তর-খ
গ্যালাক্সি হলো অসংখ্য গ্রহ-নক্ষত্রের এক বৃহত্ গুচ্ছ । মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। মহাবিশ্বের কোনো কোনো অংশে এসব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়েছে, তাদের বলা হয় গ্যালাক্সি।
উত্তর-গ
M যোগাযোগ উপগ্রহ। আমরা যখন বিদেশে কোনো আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলি, তখন আমাদের দেশের ডিশ এরিয়াল থেকে একটি বেতার সংকেত কৃত্রিম উপগ্রহে প্রেরিত হয়। উপগ্রহটি সংকেতটিকে অপর দেশের কোনো একটি ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয়, সেখান থেকে যার সঙ্গে কথা বলছি, তার টেলিফোনে পৌঁছায়।
বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ বা অলিম্পিক গেম আমরা টেলিভিশনে দেখে থাকি। অন্য দেশ থেকে একইভাবে বেতার সংকেত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমাদের টেলিভিশনে পৌঁছায়। যে দেশে খেলা হচ্ছে, সে দেশ থেকে ডিশ এরিয়ালের মাধ্যমে একটি সংকেত উপগ্রহে পাঠানো হয়, উপগ্রহ সংকেতটি পুনরায় আমাদের দেশের কোনো ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয়। সেখান থেকে আমাদের টেলিভিশনে পৌঁছায়। কৃত্রিম উপগ্রহ এখানে রিলে স্টেশনের কাজ করে। এই উপগ্রহ প্রোগ্রাম ও টেলিফোন সংবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে নিয়ে যায়। তাই এর নাম যোগাযোগ উপগ্রহ।
উত্তর-ঘ
N উপগ্রহের সাহায্যে দূষণ নির্ণয় করা যায়। কাজেই এটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। আর P উপগ্রহের সাহায্যে জাহাজ ও বিমানের অবস্থান নির্ণয় করা যায়। সুতরাং এটি নৌপরিবহন উপগ্রহ।
N (পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ) পৃথিবীপৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে। কোন শহরের বায়ু দূষিত ও ময়লা, কোন মাঠে ফসল ভালো হচ্ছে, কোনো ফসলে রোগবালাই বা পোকামাকড় আক্রমণ করেছে কি না, বনে কোথাও আগুন লেগেছে কি না কিংবা কোনো জাহাজের যাত্রাপথে হিমবাহ আছে কি না, তা জানতে এবং মাটি, পানি ও বায়ুদূষণ নির্ণয়ের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয়।
অন্যদিকে, P (নৌপরিবহন উপগ্রহ) বিশাল সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয়ে, বিমান আকাশে কোথায় আছে তা জানতে, গাড়ি, সামুদ্রিক জাহাজ ও বিমানের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌপরিবহন উপগ্রহ সহায়তা দিয়ে থাকে। সুতরাং N ও P একই ধরনের উপগ্রহ নয়, এরা ভিন্ন ধরনের উপগ্রহ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা