*সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
i. 4Na + O2 = 2Na2O
ii. 2H2 + O2 = 2H2O
iii. NH3 + HCl = NH4Cl
প্রশ্ন:
ক. রাসায়নিক বিক্রিয়া কী?
খ. প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কী বোঝায়?
গ. i. নম্বর বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থকে পানিতে দ্রবীভূত করলে যে পদার্থ উত্পন্ন হয়, তা কোনধর্মী? ব্যাখ্যা করো।
ঘ. সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়—i, ii ও iii নম্বর বিক্রিয়ার সাহায্যে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর-ক
যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সাধারণভাবে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।
উত্তর-খ
যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে প্রতিস্থাপিত করে নতুন পদার্থ তৈরি করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
উদাহরণ: Fe + CuSO4 FeSO4 + Cu
লোহা তুঁতে আয়রন সালফেট তামা
এখানে লোহা, তুঁতে বা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে আয়রন সালফেট তৈরি করেছে।
উত্তর-গ
i. নম্বর বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হলো Na2O বা সোডিয়াম অক্সাইড। একে পানিতে দ্রবীভূত করলে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড উত্পন্ন হয়।
Na2O + H2O =NaOH
এটি একটি ক্ষার। এতে লাল লিটমাস দ্রবণ যোগ করলে নীলবর্ণ ধারণ করবে। কোনো এসিড যোগ করলে লবণ ও পানি উত্পন্ন হবে।
NaOH + HCl = NaCl + H2O
সুতরাং, উত্পন্ন পদার্থ ক্ষারধর্মী।
উত্তর-ঘ
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটিমাত্র যৌগ উত্পন্ন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। সে অনুসারে উদ্দীপকে উল্লেখিত i, ii ও iii তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া।
অপর দিকে, যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র যৌগ উত্পন্ন করে, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। i, ii ও iii নম্বর বিক্রিয়ায় উত্পন্ন যৌগগুলো যথাক্রমে Na2O, H2O ও NH4Cl
i. নম্বর বিক্রিয়াতে মৌল উপাদান সোডিয়াম (Na) ও অক্সিজেন (O2)-এর প্রত্যক্ষ সংযোগে যৌগটি উত্পন্ন হয়েছে। অতএব এটি সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া।
ii, নম্বর বিক্রিয়াতে মৌল উপাদান হাইড্রোজেন (H2) ও অক্সিজেন (O2)-এর প্রত্যক্ষ সংযোগে যৌগটি উত্পন্ন হয়েছে। অতএব এটিও সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া।
iii, নম্বর বিক্রিয়াতে NH4Cl গঠিত হয়েছে যৌগ NH3 ও যৌগ HCl-এর সংযোগে। সুতরাং, এটি সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। অতএব উদ্দীপকে বর্ণিত i, ii ও iii নম্বর বিক্রিয়া পর্যালোচনা করে প্রতীয়মান হয়, সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা