বিজ্ঞান
অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় ‘দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সুফিয়া বেগম রান্নার কাজে পচনশীল আবর্জনা, শুকনো পাতা ও খড়কুটো ব্যবহার করেন। এতে তাঁর বিভিন্ন সমস্যা হতো এবং সময়ও লাগত বেশি। একদিন এক প্রতিবেশী মহিলা তাঁদের বাড়িতে এলেন। তিনি জ্বালানি হিসেবে গোবর ব্যবহার করতে পরামর্শ দিলেন। প্রশ্ন: ক. রেডিও কী?প্রশ্ন: খ. উন্নত চুলা বলতে কী বোঝ?প্রশ্ন: গ. সুফিয়া বেগম রান্নার সময় কী কী সমস্যায় পড়েন? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. জ্বালানি সম্পর্কে প্রতিবেশীর পরামর্শ মূল্যায়ন করো। উত্তর: ক. রেডিও: রেডিও একটি গুরুত্বপূর্ণ বহনযোগ্য যোগাযোগ যন্ত্র। এটি এমন একটি যন্ত্র, যার সাহায্যে শব্দশক্তিকে বিদ্যুৎশক্তিতে এবং বিদ্যুৎশক্তিকে পুনরায় শব্দশক্তিতে রূপান্তরিত করা যায় এবং তার ছাড়াই প্রেরক যন্ত্রের প্রেরিত শব্দ গ্রাহক যন্ত্রে শোনা যায়। উত্তর: খ. জ্বালানির অপচয় রোধ করার জন্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এক ধরনের চুলা উদ্ভাবন করেছে, যাকে উন্নত চুলা বলে। উন্নত চুলায় জ্বালানি খরচ কম হয়, ধোঁয়া কম হয় ও রান্না করতে কম সময় লাগে। উত্তর: গ. আবর্জনা, শুকনো পাতা ও খড়কুটোর সাহায্যে রান্না করতে গিয়ে সুফিয়া বেগম বিভিন্ন সমস্যায় পড়েন। এভাবে রান্না করা তেমন স্বাস্থ্যসম্মত নয়। এতে কাপড়-চোপড়, হাঁড়ি-পাতিল নোংরা হয় এবং হাঁড়ি পাতিলে কালি পড়ে। এ থেকে যে তাপশক্তি পাওয়া যায় তাও বেশির ভাগ কাজে লাগে না। তাই রান্না করতে প্রচুর সময় ব্যয় হয় এবং জ্বালানিরও অপচয় হয়। উত্তর: ঘ. প্রতিবেশী সুফিয়া বেগমকে গোবর ব্যবহার করে জ্বালানি উৎপাদনের পরামর্শ দিয়েছেন। আসলে তিনি বায়োগ্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন। গোবর এবং অন্যান্য পচনশীল বস্তুকে বায়ুশূন্য স্থানে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস বলে। বায়োগ্যাসে ধোঁয়া কম হয়। তাই এটি একটি পরিচ্ছন্ন জ্বালানি। গ্যাস তৈরির পর অবশিষ্টাংশ কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা যায়। ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মল বায়োগ্যাস প্ল্যান্টে কাঁচামাল হিসেবে ব্যবহারের ফলে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ জীবানুমুক্ত হয়। বায়োগ্যাস উৎপাদনে ব্যবহূত কাঁচামালের (গোবর) মূল্য অত্যন্ত কম এবং গ্রামে এ ধরনের কাঁচামাল প্রচুর পরিমাণে পাওয়া যায়। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রতিবেশী সুফিয়া বেগমকে যথার্থই জ্বালানি হিসেবে গোবর (বায়োগ্যাস) ব্যবহারের পরামর্শ দিয়েছেন।