বিজ্ঞান
অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: তাপ প্রয়োগে পদার্থের কী কী পরিবর্তন হয়? উত্তর: তাপ প্রয়োগে পদার্থের যে পরিবর্তন হয়, তা হলো: (১) তাপ প্রয়োগে ধাতু প্রসারিত হয়। এ জন্য গ্রীষ্মকালে রেললাইন যাতে প্রসারিত হয়ে বেঁকে না যায়, সে জন্য রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয়। (২) তাপ দিলে বস্তুটি তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। যেমন: লোহার একটি টুকরার এক প্রান্তে তাপ দিলে ধীরে ধীরে অপর প্রান্তও গরম হয়। (৩) তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসীয় পদার্থও আয়তনে বৃদ্ধি পায়। (৪) তাপের সাহায্যে পানিকে বাষ্পে রূপান্তরিত করা হয়। এ বাষ্পের এই গতিশক্তির সাহায্যে জেনারেটর চালালে বিদ্যুৎশক্তি পাওয়া যায়। (৫) উড়োজাহাজে পেট্রল পোড়ালে প্রচণ্ড তাপশক্তি উৎপন্ন হয়। এ তাপশক্তি উড়োজাহাজের গতিশক্তির জোগান দেয় এবং তা উড়ে চলে। প্রশ্ন: বিদ্যুৎ কত প্রকার কী কী?উত্তর: বিদ্যুৎ দুই প্রকার। যথা: (১) স্থিরবিদ্যুৎ ও (২) চলবিদ্যুৎ। প্রশ্ন: চুম্বকের মেরু কয়টি এবং কী কী? চুম্বরের পাঁচটি ব্যবহার উল্লেখ করো। উত্তর: চুম্বকের মেরু দুটি। যেমন: উত্তর মেরু ও দক্ষিণ মেরু। চুম্বকের পাঁচটি ব্যবহার: ১। চুম্বকের সাহায্যে জাহাজে ভারী ভারী মালামাল ওঠানো হয়। ২। চুম্বক ব্যবহার করে জেনারেটর তৈরি করা হয়। ৩। দিকনির্দেশক যন্ত্রে চুম্বক ব্যবহার করা হয়। ৪। চুম্বকের সাহায্যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করা হয়। ৫। বাচ্চাদের নানা ধরনের খেলনায় চুম্বকের ব্যবহার লক্ষ করা যায়। প্রশ্ন: শব্দ কীভাবে উৎপন্ন হয়? উত্তর: কম্পনই শব্দ উৎপত্তির মূল কারণ। হাত থেকে কোনো ধাতব বস্তু মেঝেতে পড়ে গেলে বস্তুটি কাঁপতে থাকে এবং শব্দের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে যদি বস্তুটিকে হাত দিয়ে চেপে ধরা হয়, তবে কম্পন এবং শব্দ উভয়ই থেমে যায়। এ থেকেই বোঝা যায়, বস্তুর কম্পন থেকেই শব্দ উৎপন্ন হয়। প্রশ্ন: শব্দ চলাচলের জন্য কীসের প্রয়োজন হয়? উত্তর: শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যেমন—বায়ু। বায়ু না থাকলে কোনো শব্দই শোনা যেত না। প্রশ্ন: লোডশেডিং কী? উত্তর: আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। কিন্তু বিদ্যুতের উৎপাদন চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। তাই পরিকল্পনা করে, হিসাব করে বিভিন্ন জায়গায় বিদ্যুৎপ্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়, একে লোডশেডিং বলে।