বিজ্ঞান
অধ্যায়-১০ বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘বায়ু’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# রচনামূলক প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: বায়ুপ্রবাহের কারণগুলো কী কী? উত্তর: বায়ু চাপের পার্থক্যই বায়ুপ্রবাহের মূল কারণ। বায়ু সব সময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।এ ছাড়া বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে নিম্নচাপের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের বায়ু চাপের সমতা রক্ষার জন্য আশপাশের উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়।প্রশ্ন: বায়ুপ্রবাহ আমাদের কী কাজে লাগে?উত্তর: ১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।২। বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কলকারখানা চালিত হয়। ৩। বায়ুপ্রবাহের দ্বারা পালের নৌকা ও জাহাজ চালনা করা হয়।৪। শক্তি উৎপাদনে কয়লার পরিবর্তে ‘বায়ুকল’ ব্যবহার করা হয়। ৫। কাপড় শুকাতে বায়ুপ্রবাহ কাজে লাগে।৬। আমরা প্রচণ্ড গরমের সময় তালের পাখা বা বিদ্যুতে চালিত পাখা ব্যবহার করে বায়ুপ্রবাহ সৃষ্টির মাধ্যমে গরম বায়ু সরিয়ে দিয়ে স্বস্তি পাই। প্রশ্ন: ব্যারোমিটারের পারদের ওঠানামা থেকে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়?উত্তর: বায়ুর চাপ ওঠানামার সঙ্গে সঙ্গে ব্যারোমিটারের পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে। ব্যারোমিটারের গায়ে সেন্টিমিটার দাগ কাটা থাকে। এর ভেতর পারদ থাকে। বায়ুর চাপ ওঠানামা করলে ব্যারোমিটারের পারদের উচ্চতাও ওঠানামা করে। স্বাভাবিক অবস্থায় ব্যারোমিটারের পারদের উচ্চতা ৭৬ সেন্টিমিটার। বায়ুর চাপ কমে গেলে পারদের উচ্চতা ৭৬ সেন্টিমিটারের নিচে নেমে যায়। এরূপ হলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বোঝায়। যদি পারদের উচ্চতা অত্যধিক নেমে যায় তাহলে সাইক্লোন বা প্রবল ঝড়ের আশঙ্কা থাকে। এভাবে ব্যারোমিটার পারদের ওঠানামা থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। প্রশ্ন: ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণগুলো লেখো। উত্তর: ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণগুলো হলো—১। উষ্ণতার কারণে বায়ু প্রসারিত হয় ও হালকা হয়। ফলে বায়ুর চাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়। ফলে বায়ুর চাপ বৃদ্ধি পায়।২। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর পরিমাণ কমে যায় এবং বায়ু হালকা হয়, ফলে চাপ কমে যায়। এ জন্য বৃষ্টি হওয়ার আগে বায়ুর চাপ কমে যায়।৩। সূর্যতাপের তারতম্যের কারণেও বায়ুর চাপ কমবেশি হতে পারে। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়, ফলে বায়ুর চাপ কমে যায়।৪। ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপর দিকে বায়ুর চাপ কমে যায়।