বিজ্ঞান
অধ্যায় ১৬ জনসংখ্যা ও পরিবেশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: পরিবেশ সংরক্ষণে আমাদের কী কী করা উচিত?উত্তর: পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয়: সুস্থভাবে বেঁচে থাকা ও ভবিষ্যতে উন্নত জীবনযাপনের জন্য পরিবেশ সংরক্ষণ করতে হবে। পরিবেশ ধ্বংস ও দূষণের মূলে রয়েছে মানুষ ও তার নানা রকম কর্মকাণ্ড। আবার এ মানুষই পরিবেশ সংরক্ষণ করতে পারে। তাই এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ সংরক্ষণ করার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারি: ১। গাছপালা ও পশুপাখির যত্ন নিতে হবে। ২। বসতবাড়ি এবং বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৩। পরিবার, বিদ্যালয় ও সমাজের সদস্যদের সঙ্গে মিলেমিশে পরিবেশ সংরক্ষণে কাজ করতে হবে। ৪। জাতীয় ও সামাজিকভাবে এবং একইসঙ্গে ব্যক্তিগতভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে নজর দিতে হবে। ৫। বনজঙ্গল ধ্বংস না করে সংরক্ষণ করতে হবে। ৬। কলকারখানার বর্জ্য পদার্থ যাতে যেখানে-সেখানে না ফেলা হয় তার জন্য আইনগত ব্যবস্থা নিতে হবে। ৭। আবর্জনা ও বর্জ্য পদার্থ মাটিতে পুঁতে ফেলতে হবে। ৮। পলিথিনের পরিবর্তে পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে। ৯। কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ সীমিত রাখতে হবে এবং সম্ভব হলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। ১০। পানিতে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। ১১। জলাশয়ের পাশে মলমূত্র ত্যাগ করা যাবে না। ১২। জীবজন্তুর মৃতদেহ পঁচে পানিতে যাতে না মিশে তার দিকে লক্ষ রাখতে হবে।১৩। সমুদ্র বা নদীতে তেলের ট্যাংক থেকে জ্বালানি তেল না পড়ার ব্যবস্থা নিতে হবে। ১৪। কারখানার চিমনিতে রাসায়নিক ছাঁকনি ব্যবহার করতে হবে, যাতে দূষিত গ্যাস বাতাসে না মিশতে পারে। ১৫। বেশি করে বৃক্ষ রোপণ করে পরিবেশে বায়ুর অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে হবে। ১৬। পেট্রোলের বিকল্প হিসেবে ইঞ্জিনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হবে এবং ত্রুটিপূর্ণ যানবাহনের ব্যবহার বর্জন করতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল